Heatwave Safety Tips

তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত, রোদে বেরোনোর আগে রোজ কী কী নিয়ম মানলে সুস্থ থাকবেন, কোন কাজগুলি করবেন না?

তাপপ্রবাহের সতর্কতা এখন থেকেই জারি হয়েছে। তবে তার কারণে অফিস-কাছারি তো আর থেমে থাকবে না! তাই রাস্তায় বেরোনোর আগে কী কী সতর্কতা নেবেন, র‌ইল তার হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:৫৯
Share:

রোদে বেরোনোর আগে কী কী করবেন ও কী নয়? ফাইল চিত্র।

তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। ঘড়ির কাঁটা ১০টা পার হতে না হতেই ঝাঁ-ঝাঁ রোদ। এখনই নানা জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্ক করা হয়েছে। এই সময়ে বাইরে বেরোলেই শরীরে অস্বস্তি হচ্ছে। তবে সে কারণে অফিস-কাছারি তো থেমে থাকবে না! রোজ বেরোতেই হবে। তাই তাপমাত্রার পারদ যতই চড়ুক, রাস্তায় বেরোনোর আগে কিছু নিয়ম মানলে শরীর সুস্থ থাকবে। আচমকা হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনের ঝুঁকি থাকবে না। তাই এই গরমে রোদে বার হওয়ার আগে এবং বাইরে থাকাকালীন কী কী করা উচিত ও কী কী নয়, তা জেনে রাখা জরুরি।

Advertisement

বাইরে বেরোনোর আগে কী কী করবেন?

১) প্রথমত সঠিক পোশাক নির্বাচন করতে হবে। হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা জরুরি। কালো বা খুব গাঢ় রঙের সিন্থেটিক কাপড় তাপ শোষণ করে শরীরকে আরও গরম করে তোলে।

Advertisement

২) রোদ থেকে বাঁচতে বড় চওড়া ছাতা বা টুপি ব্যবহার করতে পারলে ভাল। চোখের সুরক্ষায় অবশ্যই ভাল মানের সানগ্লাস ব্যবহার করতে হবে।

৩) এই সময়ে শরীরে জলের ঘাটতি হলেই মুশকিল। জল ও খনিজ পদার্থের ঘাটতি হলে পেশিতে টান পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যাকে ‘হিট ক্র্যাম্প’ বলা হয়। এই সমস্যা এড়াতে জল বেশি করে খেতে হবে। বাইরে বেরনোর আগে নুন-চিনি দেওয়া জল বা ডিটক্স পানীয় পান করা ভাল। সঙ্গে যেন জল অবশ্যই থাকে। রোদ থেকে ফিরে এসেও এক গ্লাস নুন-চিনি ও লেবুর রস দেওয়া জল খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি থাকবে না।

Advertisement

৪) বাইরে থাকলে মাথা, ঘাড়, মুখ ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন।

৫) হালকা খাবার খেয়ে বাড়ি থেকে বেরোতে হবে। দুপুরের খাবারও হালকা হতে হবে। গরমের সময়ে রুটির চেয়ে বরং ভাত খাওয়াই ভাল। তবে পরিমাণ বুঝে খেতে হবে। যাঁদের অম্বলের সমস্যা বেশি, তাঁরা এক কাপের মতো ভাত, সঙ্গে হালকা করে রান্না ডাল, মাছের পাতলা ঝোল খেতে পারেন। হালকা মশলার তরিতরকারি পরিমাণ মতো খেতে হবে।

৬) এই সময়ে রোদের তেজে ত্বক পুড়ে যাওয়া বা হিটর‌্যাশের সমস্যা বেশি হয়। ত্বক লাল হয়ে যায়। ছোট ছোট ফুস্কুড়ি বেরোতে পারে। তাই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখা খুব জরুরি। ঠান্ডা জলে ভেজানো কাপড় ত্বকের উপর রাখলে আরাম পাবেন। তবে কোনও মলম বা লোশন লাগাতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কী কী করবেন না?

১) আঁটোসাঁটো পোশাক না পরাই ভাল। ঢাকা জুতোর বদলে খোলা চপ্পল পরতে পারেন।

২) তেল-মশলাদার খাবার এ সময়ে এড়িয়ে চলুন। উচ্চ প্রোটিনযুক্ত আমিষ খাবার এই সময়ে কম খাওয়াই ভাল। তাড়াতাড়ি হজম হয়ে যায়, এমন খাবার খান।

৩) ডাবের জল, লেবুর শরবত বা বাড়িতে তৈরি ফলের রস পান করুন। রাস্তায় বিক্রি হওয়া নরম পানীয়, লস্যি, শরবত বা আখের রস খাবেন না।

৪) রাস্তায় বেরোনোর আগে খালি পেটে চা বা কফি পান করবেন না। এটি অত্যন্ত বিপজ্জনক। ক্যাফিন শরীরকে ডিহাইড্রেটেড (জলশূন্য) করে দেয় এবং শরীর থেকে প্রয়োজনীয় খনিজ উপাদান বার করে দেয়।

৫) অতিরিক্ত খেয়ে রোদে বেরোনো যেমন ক্ষতিকর, তেমনই একেবারে খালি পেটে রোদে বার হওয়াও বিপজ্জনক। এতে রক্তচাপ বা সুগার হঠাৎ কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

৬) বাইরে যাওয়ার সময় বা বাইরে থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা জল খাবেন না। গরমে যাওয়ার আগে বা গরম থেকে ফিরেই ঠান্ডা জল পান করলে শরীরে তাপমাত্রার তারতম্য ঘটবে, যা হার্টের উপর চাপ তৈরি করতে পারে।

৭) রোদ থেকে ঘেমেনেয়ে ফিরেই এসি ঘরে ঢুকবেন না। আগে কিছুটা বিশ্রাম করে তার পর বাতানুকূল যন্ত্র চালাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement