Pumpkin Mask For Skin Care

মিষ্টি কুমড়োর গুণেই ঝলমলিয়ে উঠবে ত্বক, খাবেন না কি মুখে মাখবেন সব্জিটি?

মিষ্টি বা পাকা কুমড়োয় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এতে রয়েছে ভিটামিন সি, যা ত্বকে জেল্লা ফেরাতে বিশেষ ভাবে কার্যকর। কী ভাবে মাখবেন এর শাঁস?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Share:

মিষ্টি কুমড়োর গুণেই তরতাজা হবে মুখ। কী ভাবে মাখবেন? ছবি:ফ্রিপিক।

গরম লুচি হোক বা পরোটা— তার সঙ্গে কুমড়োর ছক্কার যুগলবন্দি অনবদ্য। ভিটামিন, খনিজে ভরপুর কুমড়ো। গরম থেকে ঠান্ডা, বছরভরই কম-বেশি মেলে সব্জিটি। কিন্তু জানেন কি, কুমড়ো দিয়েও ত্বকে দীপ্তি ফেরানো যায়?

Advertisement

মিষ্টি বা পাকা কুমড়োয় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এতে রয়েছে ভিটামিন সি, যা ত্বকে জেল্লা ফেরাতে বিশেষ ভাবে কার্যকর। এখানেই শেষ নয়। ভিটামিন এ, বিটা ক্যারোটিনও মেলে এতে। ত্বক টান টান রাখতে সহায়ক কোলাজেন উৎপাদনেও সাহায্য করে কুমড়োয় থাকা এই উপাদান। এ ছাড়াও কুমড়োয় জ়িঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামের মতো নানা ধরনের প্রয়োজনীয় খনিজ। যেগুলি শরীরের তো বটেই, ত্বকের যত্নেও বিশেষ ভাবে কার্যকর। সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ করে জ়িঙ্ক।

খাবেন না মাখবেন?

Advertisement

ত্বকের জেল্লা ধরে রাখতে শুধু রূপচর্চা নয়, পুষ্টিও জরুরি। সুন্দর ত্বকের জন্য পুষ্টিবিদ থেকে চিকিৎসকেরা ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবারও পাতে রাখতে বলেন। কুমড়োর পুষ্টিগুণ পেতে হলে খাবারের তালিকায় সব্জিটি রাখতেই হবে। তবে ত্বকের জেল্লা বাড়াতে হলে তা দিয়ে বানিয়ে ফেলুন রকমারি মাস্ক।

শীতের জন্য কুমড়োর মাস্ক

Advertisement

উপকরণ

২ টেবিল চামচ পাকা কুমড়োর শাঁস

১ টেবিল চামচ ওট্‌স

১ টেবিল চামচ নারকেল তেল

১ টেবিল চামচ ব্রাউন সুগার

আধখানা পাকা কলা

পদ্ধতি: সমস্ত উপকরণ মিক্সিতে ঘুরিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর মিশ্রণটি মুখে মাখতে হবে। হালকা হাতে মালিশ করে মিনিট ১৫ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দু’দিন ব্যবহার করলেই কুমড়োর গুণে ত্বকের দীপ্তি ফিরবে।

বছরভর কোন মাস্ক?

উপকরণ

২ টেবিল চামচ কুমড়ো বাটা

১ টেবিল চামচ মধু

এক চিমটে দারচিনি গুঁড়ো

পদ্ধতি: তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মধু মুখের কালচে ভাব দূর করার পাশাপাশি প্রাকৃতিক ময়েশ্চাইজ়ারের কাজ করে। দারচিনি ব্রণ বা ত্বকের ছোটখাটো সংক্রমণ ঠেকাতে সহায়ক। মাস্ক সব সময় পরিষ্কার মুখেই মাখতে হবে। মুখে হালকা মালিশ করে মিনিট ১৫-২০ রেখে ধুয়ে ফেলুন। বছরভর কুমড়োর মাস্ক মাখলে ত্বকে থাকবে লাবণ্য।

ত্বক টান টান রাখতে কুমড়োর মাস্ক

উপকরণ

২ টেবিল চামচ কুমড়োর শাঁস বাটা

২ টেবিল চামচ ডিমের সাদা অংশ

কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল

পদ্ধতি: সমস্ত উপকরণ মিশিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার পর মাখতে হবে। কম বয়সে অনেকের বলিরেখা পড়তে শুরু করে। ত্বক টান টান করতে সাহায্য করে ডিম এবং ভিটামিন ই। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে সাহায্য করবে কুমড়ো। মাসে দুই থেকে চার দিন মাস্কটি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement