ছবি: ইনস্টাগ্রাম।
তিনি ষাটের চৌকাঠে। যে সিনেমায় অভিনয় করছেন, তার অন্য নায়িকারা তাঁর অর্ধেক বয়সি। তবু তাঁদের পাশে দাঁড়িয়ে মঞ্চের সমস্ত আলো যেন একাই কেড়ে নিলেন মাধুরী দীক্ষিত। হাসি তো বটেই, সাজে এবং কেতায় দেখিয়ে দিলেন এ কালের নায়িকারা তাঁর কাছে ‘নস্যি’।
‘মা বহেন’ নামে একটি ছবি মুক্তি পেতে চলেছে মাধুরীর। সেই ছবিরই প্রচারে গত কয়েক সপ্তাহ ধরে হিল্লিদিল্লি করে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাঁর প্রচারের সাজ নিয়েও আলোচনা হচ্ছে রোজই।
নিত্য দিন নতুন ধরনের শাড়ি নতুন ভাবে পরে ক্যামেরার সামনে হাজির হয়ে মাধুরী বুঝিয়ে দিচ্ছেন, তিনি এখনও জানেন নজর কাড়তে হয় কী ভাবে। তবে বৃহস্পতিবার তাঁর সাজ নিমেষে ভাইরাল হয়ে গেল।
মাধুরী পরেছিলেন ডেনিম শাড়ি। অর্থাৎ যে ডেনিমের প্যান্ট বা জিন্স সাধারণ বা ক্যাজ়ুয়াল পোশাক হিসাবে সবাই পরে থাকেন, সেই একই টেক্সচারে সামান্য পাতলা কাপড় শাড়ির মতো করে পরেছেন মাধুরী।
তবে ডেনিমের কাপড়ের আকর্ষণ কয়েক গুণ বেড়ে গিয়েছে তার পাড়ে নকশা করা গোলাপের ঝাড়ে। গোলাপি, মেরুন, রানি গোলাপি রঙের রেশমের সুতোয় ফোঁড় তোলা কাশ্মীরি স্টিচের ফুল-পাতা কলকার মতো আলপনা কেটেছে পাড়ে। তার প্রান্তে রয়েছে গাঢ় রঙের খুব সরু লেস।
ওই শাড়ির সঙ্গে একই রকমের ফুলের নকশা করা একটি ধুলো-গোলাপি রঙের ব্লাউজ় পরেছেন মাধুরী। সঙ্গে পরেছেন মিনাকারি চাঁদবালি এবং চওড়া বালা। খোলা চুলে তাতেই মোহময়ীর হয়ে উঠেছেন মাধুরী। কে বলবে ‘ধক ধক গার্ল’ এ কালের তারকা নন।