গরমে ভাল থাকবে চুল, কী ভাবে পরিচর্যা করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।
গরমে রূপচর্চায় বদল আনা জরুরি। বিশেষ করে চুলের যত্নআত্তি করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই সময় মাথার ত্বক অত্যধিক ঘামতে থাকে। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। সেই সঙ্গে একরাশ চুলও ঝরতে থাকে। আর্দ্রতা হারিয়ে নির্জীব দেখায় চুল। গরমে চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়েকটি হেয়ার মাস্ক। পার্লারে না গিয়েও গরমে চুলের ঝলমলে ভাব বজায় থাকবে।
শশার প্যাক
শসা কুচি আর অলিভ অয়েল মিক্সিতে দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এ বার গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভাল করে শসার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
ল্যাভেন্ডার অয়েলের প্যাক
রুক্ষ চুলের জন্য ল্যাভেন্ডার ও জেরেনিয়াম এসেনশিয়াল অয়েল কার্যকরী হতে পারে। ২ চামচ অলিভ তেল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল এবং ২ ফোঁটা জেরেনিয়াম অয়েল মিশিয়ে ভাল করে মাথায় মালিশ করতে হবে। এর পর গরম জলে ভিজিয়ে একটি তোয়ালে দিয়ে চুল ঢেকে রাখতে হবে প্রায় ১ ঘণ্টা। এর পর শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ১-২ বার এটি করলে চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।
দই, মধু ও ডিমের মাস্ক
দই যেমন কন্ডিশনার হিসেবে উপকারী, তেমনই চুলের গোড়া মজবুত করে চুল পড়া রুখতে পারে ডিম। রুক্ষ চুল ময়েশ্চারাইজ় করার কাজে কার্যকর মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে ৬ চামচ দই ও ২ চা চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।