Eyebrows Care Tips

ঘন ভ্রু চান? মেকআপের সাহায্য ছাড়াই হতে পারে! মানতে হবে ঘরোয়া টোটকা, শর্ত একটিই

কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ভ্রুর চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোতে পারে। এতে ভ্রু ধীরে ধীরে ঘন দেখাতে শুরু করে। কী কী করতে হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪
Share:

চও়়ড়া ভ্রু পাওয়ার ঘরোয়া উপায় ছবি: সংগৃহীত।

ভ্রু ঘন হলে মুখমণ্ডল আরও বেশি আকর্ষণীয় হতে পারে। তাই মেকআপের নানা সামগ্রী দিয়ে ঘন করে ভ্রু আঁকার চল শুরু হয়েছে, এ দিকে বার বার থ্রেডিং, অতিরিক্ত প্লাকিং, ভুল প্রসাধনী ব্যবহারের ফলে ভ্রু পাতলা হয়ে যায়। কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ভ্রুর চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোতে পারে। এতে ভ্রু ধীরে ধীরে ঘন দেখাতে শুরু করে। কিন্তু শর্ত একটিই, রাতারাতি ফল পাওয়ার আশা করা চলবে না। নিয়ম করে রোজ যত্ন নিতে হবে ভ্রুর।

Advertisement

পাতলা ভ্রুয়ের সমস্যা থেকে মুক্তি। ছবি: সংগৃহীত

ভ্রু ঘন করার ৫টি প্রাকৃতিক ঘরোয়া উপায়

১) ক্যাস্টর অয়েল: ভ্রু ঘন করার ঘরোয়া উপায়গুলির মধ্যে ক্যাস্টর অয়েল সবচেয়ে বেশি জনপ্রিয়। এই তেলে থাকে রিসিনোলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই, যা ভ্রুর চুলের গোড়ায় পুষ্টি দিতে পারে। রাতে ঘুমোনোর আগে এক ফোঁটা ক্যাস্টর অয়েল ভ্রুতে লাগিয়ে খুব হালকা হাতে মাসাজ করলে ভাল ফল মিলতে পারে।

Advertisement

২) নারকেল তেল: লরিক অ্যাসিডে সমৃদ্ধ নারকেল তেল নিয়মিত ভ্রুতে মাখলে উপকার পাওয়া যায়। চুলে প্রোটিনের ঘাটতি মেটাতে সক্ষম এই তেল। নারকেল তেল চুলের স্বাস্থ্যের জন্য বহু কাল আগেই ভরসার জায়গা অর্জন করেছে। ভ্রু-র ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে। নারকেল তেল ভ্রু-র চুলকে নরম রাখে, শুষ্কতার হাত থেকে রক্ষা করে, চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোতে সাহায্য করে। রাতে ঘুমোনোর আগে ভ্রুয়ে সামান্য নারকেল তেল মেখে নিতে পারেন রোজ।

৩) অ্যালো ভেরা জেল: এনজ়াইমে ভরপুর অ্যালো ভেরা জেল দীর্ঘ ক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে। পাশাপাশি প্রদাহও কমাতে পারে। অনেক সময় ভ্রুর আশপাশের ত্বক শুষ্ক হয়ে গেলে চুল দুর্বল হয়ে যায়। অ্যালো ভেরা জেল সেই শুষ্কতা কমাতে সাহায্য করে। সপ্তাহে কয়েক দিন ভ্রুতে সামান্য জেল লাগিয়ে কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ভ্রু নরম ও ঘন হবে।

৪) পেঁয়াজের রস: পেঁয়াজের রসে সালফার ভর্তি থাকে, যা কোলাজেন উৎপাদনের জন্য সুপরিচিত। এটি চুলের গোড়া শক্ত করে। পেঁয়াজের রস খুব অল্প করে তুলোয় নিয়ে ভ্রুতে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫) অলিভ অয়েল: ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্টের উৎস অলিভ অয়েল ভ্রু চওড়া করার টোটকা হিসেবে কার্যকরী হতে পারে। অলিভ অয়েল মাখলে ভ্রু-র চুল নরম ও কোমল হয়। এই তেলে থাকা ভিটামিন জাতীয় উপাদান ভ্রু-র চুলের ভাঙন রোধ করতে পারে। রাতে ঘুমোনোর আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভ্রুতে লাগিয়ে আলতো মাসাজ করে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement