ছবি: সংগৃহীত।
ঘরোয়া তেল। এ যুগে যখন দোকানেই নানা রকমের ভেষজ সমৃদ্ধ তেল পাওয়া যাচ্ছে, সেখানে বাড়িতে চুলের জন্য তেল বানানোর কোনও অর্থ হয় কি? এমন প্রশ্ন উঠতেই পারে। কিন্তু বাজারে যে তেল পাওয়া যাচ্ছে, তা যে খাঁটি, বুঝবেন কী করে? ভ্যাজালে ভরা দুনিয়ায় কারখানায় তৈরি তেলে যে ক্ষতিকর রাসায়নিক মিলছে না, মেশানো হচ্ছে না প্যারাবেন, তার প্রমাণ কী?
ভাল নারকেল তেল বা সর্ষের তেল কিনে তাতে নানা রকম ভেষজ মিশিয়ে নিজে হাতে তেল বানিয়ে নিলে অন্তত ভ্যাজালের ভয় এড়ানো যাবে। চুল পড়ার সমস্যা যাঁদের, তাঁরা চট করে বাইরের পণ্যে বিশ্বাস করতে পারেন না। এ ক্ষেত্রে সেই ভয়ও থাকবে না। চুলের গোড়া শক্ত করার তেমনই তিন উপায় জেনে নিন।
১. পেঁয়াজ এবং কারিপাতার তেল
চুল পড়ার সমস্যা যদি কিছুতেই না যায়, তবে এই তেল বাড়িতে বানিয়ে মাথায় লাগিয়ে দেখতে পারেন। পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়া শক্ত করে এবং কারিপাতা চুলকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। অনেক সময় পুষ্টির অভাবও চুল পড়ার কারণ হতে পারে।
উপকরণ: ১ কাপ নারকেল তেল
১টি ছোট পেঁয়াজ কুচনো
এক মুঠো কারিপাতা
প্রণালী : একটি পাত্রে নারকেল তেল গরম করুন। তেল সামান্য গরম হলে তাতে পেঁয়াজ কুচি এবং কারিপাতা দিয়ে দিন। হালকা আঁচে ১০-১২ মিনিট ফোটান, যতক্ষণ না পেঁয়াজ সোনালী-বাদামী রঙের হচ্ছে। এরপর নামিয়ে ঠান্ডা করুন এবং ছেঁকে একটি কাচের বোতলে রেখে দিন।
ব্যবহার: সপ্তাহে ২-৩ দিন এই তেল স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২. আমলকী ও মেথির তেল
চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। আমলকীতে প্রচুর ভিটামিন সি রয়েছে। মেথিতে আছে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা চুলের অকালপক্বতা রোধ করে এবং ভিতর থেকে গোড়া শক্ত করে।
উপকরণ: ১ কাপ সর্ষের তেল বা নারকেল তেল
২ টেবিল চামচ আমলকী কোরানো বা আমলকীর গুঁড়ো
১ টেবিল চামচ মেথি দানা অল্প থেঁতো করে নেওয়া
প্রণালী : লোহার কড়াইতে বা লোহার পাত্রে তেল নিয়ে তাতে আমলকী ও মেথি দিয়ে দিন। একদম কম আঁচে তেলটি ফুটিয়ে নিন যতক্ষণ না উপাদানগুলো কালো হয়ে আসছে। এরপর গ্যাস বন্ধ করে সারারাত ওই পাত্রেই তেলটি রেখে দিন। পরদিন সকালে তেল ছেঁকে বোতলে ভরে রাখুন।
ব্যবহার: এই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তেল লাগানোর আগে হালকা গরম করে নিতে পারেন। তাতে এর উপাদানগুলি সক্রিয় হবে। তবে গরম তেল মাথার ত্বকে দেবেন না কোনও ভাবেই। তাতে চুল উঠে যেতে পারে। তেল ২ ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
৩. ক্যাস্টর অয়েল এবং জবা ফুলের তেল
মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে। ফলে চুল ঘন হয়। ক্যাস্টর অয়েল চুলের ফলিকলকে উদ্দীপিত করে, আর জবা ফুল চুলকে নরম এবং গোড়া শক্ত রাখতে সাহায্য করে।
উপকরণ: ১ কাপ নারকেল তেল
৩ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
৫-৬টি টাটকা জবা ফুল এবং ৪-৫টি জবা গাছের পাতা
প্রণালী: জবা ফুল ও পাতা ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিন। এরপর এগুলোকে সামান্য থেঁতো করে নিন। একটি পাত্রে নারকেল তেল ও জবা ফুল-পাতা একসঙ্গে ফুটিয়ে নিন ৫-৭ মিনিট। নামানোর আগে তাতে ক্যাস্টর অয়েল মিশিয়ে দিন। তেল ঠান্ডা হলে ছেঁকে বোতলে রাখুন।
ব্যবহার: এই তেলটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে অন্তত ৪৫ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করে নিন।