Hair Care Foods

চুল ভাল রাখতে বাদ নয় ভাত, পাতে আর কী রাখতে হবে বলছেন তারকাদের পু্ষ্টিবিদ

চুল ভাল রাখতে হলে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। সেই তালিকায় থাকবে কি, বলছেন করিনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২১:০০
Share:

চুল ভাল রাখতে কী পরামর্শ দিলেন রুজুতা ছবি: সংগৃহীত।

কেশচর্চার নানা উপকরণ, উপাদান মজুত হাতের কাছে। চুলের যত্নে সালোঁতেও যান অনেকেই। তবে করিনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর বলছেন, ‘‘শরীর সুস্থ না থাকলে চুল-ত্বক ভাল রাখাও কঠিন। সঠিক পুষ্টি শুধু শরীর ভাল রাখে না, চুলও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।’’

Advertisement

অনেকেই ওজন কমাতে ভাত বাদ দেন। নিজের মতো করে খাদ্যতালিকা সাজিয়ে নেন। তবে পুষ্টিবিদেরা মনে করাচ্ছেন, ওজন কমার সঙ্গে সঙ্গে চুলের স্বাস্থ্যও নষ্ট হবে পুষ্টির অভাব হলে। মুম্বইয়ের একজন অভিজ্ঞ পুষ্টিবিদ রুজুতা দিবেকর। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী তাঁর পরামর্শ মেনে চলেন। সমাজমাধ্যমে তিনি বলছেন এমন ৪ খাবারের কথা যা চুল ভাল রাখতে সাহায্য করবে।

ভাত: ওজন কমাতে অনেকেই ভাত বাদ দিয়ে দেন। রুজুতা মনে করাচ্ছেন ভাত খেলেই ওজন বাড়ে না, বরং কী ভাবে কতটা খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে।তাঁর পরামর্শ দিনে অন্তত এক বার পরিমিত ভাত খাওয়া ভাল। এতে শরীর ভাল থাকে, চুলের স্বাস্থ্যও বজায় থাকে।

Advertisement

মরসুমি ফল: মরসুম বদলের সঙ্গে সঙ্গে যে ফলগুলি মেলে তা প্রায় সবই খেতে বলছেন তিনি। আমলকি, পেয়ারা, আম— যে কোনও ফলেই ভিটামিন, খনিজ অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে।তালিকায় থাকা দরকার ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে আয়রন। হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। এর মাত্রা ঠিক থাকলে চুলের ফলিকল ঠিকমতো পুষ্টি পায়, মজবুত হয়।

ডাল: মুসুর, মুগ, অড়হর যে কোনও ডালই পুষ্টিগুণে ভরপুর। ডালে থাকে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি এবং ফাইবার, যা চুলের গোড়া মজবুত করে। চুল ঝরা রোধ করে।

বীজ: হালিম বীজ খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন রুজুতা। ছোট দানার হালিম বীজ ফোলিক অ্যাসিডের অন্যতম উৎস।রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বীজটি। তবে খালি পেটে জলে ভিজিয়ে নয়, হালিম বীজ দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন রুজুতা।

তেল: পুষ্টিকর খাবার খাওয়া ছাড়াও সপ্তাহে এক দিন অন্তত তেল মাসাজ়ের পরামর্শ দিচ্ছেন রুজুতা। রাসায়নিকের ব্যবহার এড়িয়ে নিয়মিত তেল মাখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement