Hair Care Tips

গরমের দিনে ঘাম আর ধুলোবালিতেও চুল থাকবে মসৃণ, ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে হবে আরও ৫ তেল

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার নানা উপায় নিয়ে আলোচনা হয়। সমাজমাধ্যমের পাতা খুললে নানা বিজ্ঞাপনও চোখে পড়বে। তবে চুলের জন্য কোনটা ভাল আর কোনটা নয়, তা জেনে রাখা জরুরি। শুধুমাত্র তেল দিয়েও চুলের পরিচর্যা করা যায়। তবে শিখে নিতে হবে সঠিক পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৪৪
Share:

গরমের দিনে চুলের যত্নে পাঁচ প্রকার তেল। ছবি: ফ্রিপিক।

গরমের দিনে চুলের যত্ন কী ভাবে নেবেন, তা ভাবতেই অনেক সময় চলে যায়। একে তো বাইরে চড়া রোদ। রাস্তায় বেরোলেই মাথায় ঘাম জমে গন্ধ হয়। তার উপর সূর্যের অতিবেগনি রশ্মি মাথার ত্বককে যেন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়ার সমস্যাও বাড়ে। ঘন ঘন শ্যাম্পু করলে বা কন্ডিশনারে এই সমস্যার সমাধান হয় না। এর জন্য জরুরি তেল। এখন তেল নিয়েও নানা সমস্যা আছে। প্যাচপ্যাচে গরমে তেল মাখলে চুল আরও চিটচিটে হয়ে যাবে বলেই মনে করেন অনেকে। তাই তেলকে বাতিলের খাতায় রাখা হয়। অথচ রুক্ষ চুল নরম ও মসৃণ করতে তেলই একমাত্র উপায় হতে পারে।

Advertisement

ছোটবেলায় মায়েরা রীতিমতো জোর করে চুলে তেল মালিশ করতেন, তার পর ভাল করে চুল আঁচড়ে বেঁধে দিতেন। তখন বিরক্তি লাগত ঠিকই, কিন্তু রুক্ষ চুলের সজীবতা ফিরিয়ে আনতে তেলের ব্যবহারের কোনও বিকল্প নেই। দরকার শুধু নানা সমস্যায় সঠিক তেলের প্রয়োগ।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ক্যাস্টর অয়েল চুলের জন্য খুবই ভাল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, প্রোটিন আছে। আবার অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় চুলের গোড়া মজবুত করে। তবে শুধু ক্যাস্টর অয়েল মাখলে চুল চিটচিটে হয়ে যাবে, তাই এর সঙ্গে আরও কিছু তেল মিশিয়ে নিতে হবে।

Advertisement

ক্যাস্টর অয়েলের সঙ্গে কী কী তেল মেশাবেন?

চুলের জন্য অত্যন্ত উপকারী নারকেল তেল। এতে ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কন্ডিশনারের কাজও করে। একই সঙ্গে চুল থাকে নরম। নারকেল তেল সামান্য গরম করে তার সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ভাল করে মালিশ করে নিন। আধ ঘণ্টা রেখে, শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

অলিভ অয়েলও ভাল। ১-২ চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে সারা চুলে ভাল করে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। পরে ঠান্ডা জলে চুল ধুয়ে নিলেই হল। চুল চকচকে করতে অলিভ অয়েলের কোনও জুড়ি নেই।

বাঙালি বাড়িতে আর্গন অয়েলের ব্যবহার কম। এই তেলের পুষ্টিগুণ অনেক। ভিটামিন ই-র গুণে এই তেল চুলের আর্দ্রতা ধরে রাখতে পারে দীর্ঘ সময়। তা ছাড়া কয়েক রকম ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্টের কারণে এই তেলকে বলা হয় ‘তরল সোনা’। এর সঙ্গে ক্যাস্টর অয়েল মেশালে তা চুলকে অনেক বেশি নরম ও মসৃণ করে তুলবে।

কাঠবাদামের তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাখলে খুশকি দূর হবে। চুল পড়া, খুশকি ও অকালপক্বতার সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য কাঠবাদামের তেল ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ উপকারে আসতে পারে।

গরমে ঘাম জমে মাথায় গন্ধ হয়। এর থেকে রেহাই পেতে, রোজ়মেরি অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মেশাতে পারেন। এক চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজ়মেরি তেল মিশিয়ে মাথায় মাখলে চুল পড়ার সমস্যাও দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement