AI Fan

ভোরের দিকে শীত করছে? পাখা নিজেই কমিয়ে দেবে গতি, শরীরের ভাষা বুঝে চলবে ‘এআই-ফ্যান’

নিজে থেকেই চালু হবে, বন্ধ হবে। গতিও বদলাবে। এআই-পাখা থাকলে আর মাঝরাতে ঘুম ভেঙে উঠে রেগুলেটর ঘোরাতে হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

নতুন চমক এআই-পাখা, কী ভাবে কাজ করবে? ছবি: ফ্রিপিক।

বার বার বিছানা ছেড়ে উঠে পাখার রেগুলেটর ঘোরাতে হবে না। মাঝরাতে যদি শীত করে, তা হলে পাখা আপনিই তার গতি বদলে নেবে। ঠিক যেমন চাইবেন, সে ভাবেই পাখা তার গতি বদলাবে। শুনতে আশ্চর্য লাগছে ঠিকই, তবে এমনই প্রযুক্তি তৈরি করে ফেলেছেন বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ। সম্প্রতি এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত এমন পাখা তিনি তৈরি করে ফেলেছেন, যা শোয়ার ভঙ্গি ও শরীরের তাপমাত্রা মেপে প্রয়োজন মতো তার গতি বদলাতে পারবে। এর জন্য রেগুলেটর ঘোরানোর প্রয়োজন নেই।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এখন প্রায় সর্ব ক্ষেত্রে। সে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হোক বা রোজের টুকিটাকি কাজ— এআই ঢুকে পড়েছে আমজনতার অন্দরমহলেও। চশমা থেকে রূপচর্চার সামগ্রী, মেডিক্যাল ডিভাইস থেকে ফিটনেসের যন্ত্রপাতি, সবেতেই তার অবাধ বিচরণ। এ বার সিলিং ফ্যানেও এআই প্রযুক্তির সংযোগ ঘটিয়ে ফেললেন এক প্রযুক্তিকর্মী। এআই-পাখা আর পাঁচটা সাধারণ পাখার থেকে আলাদা, সে তো বোঝাই যাচ্ছে। এই পাখায় থাকবে বিশেষ ধরনের মোটর ও সেন্সর, যা পরিবেশের ও শরীরের তাপমাত্রার পরিমাপ করতে পারবে। এতে থাকবে ‘থার্মাল’ ও ‘হিউমিডিটি’ সেন্সর, যা প্রতি মুহূর্তে ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা মেপে তার ডেটা সংগ্রহ করে রাখবে।

সাধারণত, ঘুমের মধ্যে শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। মাঝরাতে বা ভোর ৩টের সময়ে যদি পরিবেশের তাপমাত্রা কমে যায়, তখন পাখা একই গতিতে চললে ঠান্ডা লাগে বা অস্বস্তি হয় অনেক সময়েই। ঘুম ভেঙে যায় এবং উঠে পাখার গতি কমাতে হয়। এআই-পাখা থাকলে এই কষ্টটা আর করতে হবে না। পাখার শক্তিশালী সেন্সর ঘরের তাপমাত্রা ও শরীরের তাপমাত্রার বদল মাপতে পারবে। এই পাখার আরও এক বৈশিষ্ট্য হল এটি শোয়ার ভঙ্গি দেখে ধারণা করতে পারবে, সেই ব্যক্তির ঠান্ডা লাগছে না গরম লাগছে। এই কাজটি পাখায় লাগানো বিশেষ এআই অ্যালগরিদ্‌ম করবে। সেই অ্যালগরিদ্‌ম শুয়ে থাকা ব্যক্তির ‘স্লিপ প্যাটার্ন’ বিশ্লেষণ করে বুঝবে, তাঁর ঠান্ডা লাগছে বা গরম লাগছে। সেই মতো পাখা তার গতি কমিয়ে বা বাড়িয়ে নেবে।

Advertisement

এআই-পাখা বিদ্যুৎ সাশ্রয় করবে বলেও জানা গিয়েছে। ওয়াইফাইয়ের মাধ্যমে ফোনের অ্যাপের সঙ্গে সংযুক্ত করে রাখাও যাবে। সেখানে পাখাটি কখন চলবে আর কখন বন্ধ হবে, সেই অ্যালার্মও সেট করে রাখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement