AI Glasses

সামনের দৃশ্য বর্ণনা করবে এআই চশমা, চলার পথে উপকৃত হবেন দৃষ্টিহীনরা! নয়া উদ্যোগ এমসের

দৃশ্য দেখতে না পেলেও শুনে বুঝতে পারবেন দৃষ্টিহীনরা। যে কোনও লেখাই ভাষায় বর্ণনা করে শোনাবে চশমা। এ অসম্ভবও সম্ভব করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দৃষ্টিহীনদের এআই চশমা বিতরণ করছে দিল্লির এমস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১
Share:

এআই চশমা পরে শুনতে পাবেন দৃষ্টিহীনরা। ছবি: ফ্রিপিক।

সামনের দৃশ্য দেখতে না পেলেও শুনে বুঝতে পারবেন দৃষ্টিহীনেরা। লেখা পড়ে দেবে, চোখের সামনে কী কী দেখা যাচ্ছে তা-ও শোনাবে চশমা। এমন অডিয়ো-ভিজ়ুয়াল চশমা তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে। আর উদ্যোগ নিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এমস)।

Advertisement

দৃষ্টিহীন বা দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে যাঁদের এমন ৫৩ জনকে ‘এআই স্মার্ট চশমা’ বিনামূল্যে বিতরণ করেছে এমস। চিকিৎসকেরা জানিয়েছেন, চশমাটি চোখে দিয়ে রোজের কাজকর্ম সহজেই করতে পারবেন দৃষ্টিহীনরা। প্রতি পদক্ষেপে চশমাটি তাঁদের সহায়ক হবে। কোনও লেখা পড়তে হলে তা পড়ে দেবে, সামনে কোনও বাধা এলে তা-ও জানাবে, এমনকি পরিচিত মানুষের মুখ চিনতেও সাহায্য করবে।

কী কী সুবিধা পাওয়া যাবে এআই চশমায়?

Advertisement

এটি দেখতে সাধারণ চশমার মতোই, তবে এর ফ্রেমে জুড়ে দেওয়া হয়েছে উচ্চ রেজ়োলিউশনের ক্যামেরা, সেন্সর ও স্পিকার। চশমার সঙ্গে থাকবে হেডফোনও। সেটি পরলেই কথা শুনতে পাবেন ব্যবহারকারীরা। সামনে থাকা দৃশ্যকে বিশ্লেষণ করে শব্দের মাধ্যমে ব্যবহারকারীকে সব জানানো হবে।

চশমাটিতে থাকা ক্যামেরা পরিচিত মানুষদের চিনিয়ে দেবে। যে কোনও ভাষা বুঝতে ও অনুবাদ করতে সাহায্য করবে চশমাটি।

বই, সংবাদপত্র বা ডিজিটাল স্ক্রিনের লেখা পড়ে শোনাবে ব্যবহারকারীদের। বাংলা, হিন্দি, ইংরেজি-সহ একাধিক ভাষা পড়তে পারবে চশমাটি।

রাস্তা দিয়ে হাঁটার সময়ে জিপিএস ট্র্যাকারের কাজও করবে। চশমাটি চোখে পরা থাকলে ব্যবহারকারী বুঝতে পারবেন সামনে কোনও বাধা আছে কি না, কোন দিকে মোড় নিতে হবে, কতটা হাঁটতে হবে। এমনকি ব্যবহারকারী ঠিক কোন জায়গায় রয়েছেন, সেই লোকেশন ও ম্যাপও জানিয়ে দেবে চশমাটি।

চশমার সেন্সর সামনে আসা বিপদ চিনতে পারবে। সেই মতো ব্যবহারকারীকে সতর্কও করবে।

এমসের চিকিৎসকেরা জানাচ্ছেন, দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে চশমাটি। এমস প্রাথমিক ভাবে বিনামূল্যেই চশমাটি দৃষ্টিহীনদের মধ্যে বিতরণ করেছে। তবে এআই চশমার এক একটি ডিভাইসের দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা। শুধু দৃষ্টিহীন নয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বয়সজনিত সমস্যায় দৃষ্টি ক্ষীণ হয়েছে যাঁদের, ছানি পড়ে গিয়েছে যাঁদের অথবা গ্লকোমায় আক্রান্ত হয়েছেন এমন রোগীরাও চশমাটি পরে উপকার পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement