কেমন হবে ভাড়া বাড়ির অন্দরসজ্জা? ছবি: সংগৃহীত।
ভাড়া বাড়ি নিয়ে লোকজনের আক্ষেপ থাকেই। কারণ, যে বাড়ি নিজের নয়, সেখানে নিজের ইচ্ছামতো সব কিছু করা যায় না। ঘরদোর ব্যবহার বা তা সাজানোর ক্ষেত্রেও বাড়িওয়ালার নানা রকম শর্ত থাকে। অথচ যে বাড়িতে বাস, সেই বাড়িটিও খানিক মনের মতো করে সাজাতে মন চায়। খুব স্বল্প উপকরণ, আর সঠিক কৌশলেই কিন্তু ইচ্ছাপূরণ সম্ভব। বাড়িওয়ালার শর্ত না ভেঙে কী ভাবে অন্দরের ভোল পাল্টাবেন?
১। ভাড়া বাড়ির দেওয়ালে অনেক সময়ে রং থাকে না। আবার দেওয়ালে নোনাও থাকে। ফলে ঘর বড় বিশ্রী দেখায়। এখন নানা রকম ওয়ালপেপার এবং স্টিকার পাওয়া যায়। একটি কার্ডবোর্ডের উপরে পছন্দের ওয়ালপেপার বা স্টিকার আটকে দিন। সেটাই দেওয়ালের নোনা ধরা অংশে ছোট্ট হুক লাগিয়ে ঝুলিয়ে দিন। দেওয়াল সহজে ঢাকা পড়ে যাবে। একই ভাবে পড়ার টেবিল থেকে রান্নাঘরের তাক— পুরনো দেখালে শৌখিন ওয়ালপেপারে মুড়ে দিন। কারণ, এগুলি পরে তুলে ফেলা সম্ভব।
২। ঘরের সজ্জা বদলে দিতে পারে রকমারি আকৃতি এবং জ্যামিতিক নকশার পাটি বা ‘রাগ’। এগুলি পাপোশের চেয়ে বড় অথচ কার্পেটের চেয়ে ছোট। তবে মেঝেতে পেতে রাখলে, ঘরের অন্য আসবাব বা সাজের সঙ্গে মানানসই হলেই, অন্দরের ভোল পাল্টে যেতে পারে। মেঝের কোনও অংশ ঢাকতে চাইলেও এটি কিন্তু ভাল উপায়।
৩। হাতে আঁকা ছবি, সুতোর কারুকাজ করা কাপড়ের টুকরো, ঘর সাজানোর কোনও জিনিসও দেওয়ালে লাগাতে পারেন। এতেও দেওয়ালের সৌন্দর্য বাড়বে। ঘর সুন্দর দেখাবে।
৪।ঘরের আনাচে কানাচে, বারান্দায় রকমারি গাছ রাখুন। সবুজের ছোঁয়ায় চোখের আরাম। বসার জায়গা, ঘরের কোনায় মানি প্ল্যান্ট, পিস লিলি, রাবারের মতো গাছ বেশ মানানসই হতে পারে।
৫। বিছানা থেকে সোফা পরিচ্ছন্ন রাখুন। সুন্দর কয়েকটি পিলো, কুশন সাজিয়ে রাখুন। আরামদায়ক চাদর রেখে দিন কৌশলে। ছোট ছোট বদলেই অন্দরের শোভা বৃদ্ধি পাবে।