গাছ শুকিয়ে যাচ্ছে? কী ভাবে বাগানের যত্ন নেবেন? ছবি:সংগৃহীত।
গরমে প্রখর তাপ সহ্য করতে পারে না কিছু গাছ। গরমে গাছ শুকিয়ে যায়, কখনও আবার পাতা হলুদ হয়ে যায়। অসুখও হতে পারে। মরসুম ভেদে গাছের পরিচর্যায় বদলের প্রয়োজন হয়। এমন সময় কী করা দরকার, কোনটি নয়?
সকালেই জল দিন
সকাল সকালই গাছে জল দেওয়া দরকার। রোদ উঠে গেলে মাটি শুকিয়ে যেতে পারে। ফলে আগে থেকেই জল দেওয়া ভাল, যাতে দিনভর গাছ প্রয়োজনীয় আর্দ্রতাটুকু মাটি থেকে শুষে নিতে পারে। খুব গরমে গাছের পাতাও ধুয়ে দিন। তরে নিয়ম করে তা না করাই ভাল। গাছের পাতা-ডাল ধুতে হলে সকালেই করতে হবে, যাতে দিনভর রোদ পায় গাছ, ভিজে ভাব শুকিয়ে যায়। না হলে তা থেকে গাছে রোগ সংক্রমণ হতে পারে।
রাসায়নিক সার
খুব গরমে টবের গাছে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভাল। অনেক সময় রাসায়নিক সার বেশি জল টানে, ফলে গাছে জলাভাব হতে পারে।
ছায়া
খুব গরমের দিনে গাছের মাথায় ছায়ার ব্যবস্থা করুন। সুতির কাপড় আটকে দিতে পারেন বা আলাদা কোনও ছাউনির ব্যবস্থা করে তার নীচে গাছ রাখতে পারেন। বিশেষত, ছোট গাছগুলি বেশি রোদে রাখলে শুকিয়ে যেতে পারে। বড় গাছ থাকলে তার ছায়ায় অন্য গাছগুলি রাখুন। এতেও চড়া রোদের হাত থেকে ছোট গাছ রক্ষা পাবে।
মাপমতো জল
গরমে বেশি করে জল দিলে গাছ ভাল থাকে—এই ধারণা ভুল। বেশি জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে।
পোকামাকড়ের উপদ্রব
পোকার আক্রমণও হতে পারে। সে জন্য মাঝে মধ্যে সাবানজল, নিমতেল স্প্রে করতে পারেন। কীটনাশক না দিয়ে প্রাকৃতিক উপকরণেই ভরসা রাখা ভাল। এতি পরিবেশের ক্ষতি হবে না।