বইয়ের তাক গুছিয়ে রাখবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
মোবাইল, ইন্টারনেটের যুগে বই পড়ার ঝোঁক কমেছে। আবার বই হয়েছে ডিজিটালও। তা সত্ত্বেও বইপ্রেমী মানুষের বাড়িতে গেলে, চার দিকে স্তূপাকৃতি বই-ই মিলবে। তাক, আলমারি, দেরাজ বইয়ে ঠাসা তো বটেই। অঢেল বই রাখতে কেউ বেছে নেন খাটের তলা, কেউ আবার পিচবোর্ডের বাক্সও।
কিন্তু সেই জায়গাও এক সময় ফুরোবেই। তখন কী হবে? কিছু বই দিয়ে দিতেই পারেন। কিন্তু তাতেও স্থান সংকুলান সম্ভব নয়। তা হলে উপায়? বাড়িতেই যদি গ্রন্থাগার করতে হয় এবং জায়গা নিয়ে সমস্যা হয় তা হলে একটি কৌশল অবলম্বন করা যায়।
স্থান এবং তার ব্যবহার নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছেন ম্যানহাটনের জেমি হোর্ড। তাঁর নীতি, একটির বদলে অন্য। বাড়ির গ্রন্থাগারে জায়গার অভাব হলে কিছু বই বাদ দিতেই হবে। একটি বই বাদ দিলে, তার বদলে কেনা যাবে একটি। এমন নিয়ম কিন্তু ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য কার্যকর। এ ছাড়াও তাঁর পরামর্শ অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বই পড়ার।
বই বাদ দেওয়া কি এত সহজ?
অনেক সময় অনেক বই কেনা হয়, বিষয়বস্ত পছন্দ হচ্ছে বলে। পরে পড়া হবে বা শুধুই সংগ্রহে রাখার জন্যও কিছু বই কেনা হয়েই যায়। জেমির কথায়, বাদ দেওয়ার প্রসঙ্গ উঠলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন বইপ্রেমীরা। সে ক্ষেত্রে একবার পড়া হয়েছে কিন্তু তেমন ভাল লাগেনি বা ভবিষ্যতে না পড়লেও চলে, এমন বই প্রথমে বাতিলের তালিকায় রাখতে পারেন।
অনেক সময় বইয়ের সিরিজ় থাকে, যেগুলি বাদ দেওয়া যায় না। তবে কিছু বই স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে হার্ড ডিস্কে রেখে দিতে পারেন। সেগুলি কম্পিউটারে বা ল্যাপটপে পড়া যাবে। পিডিএফ করে নেওয়ার পরে একটি একটি করে বই বাদ দিয়ে তার বদলে নতুন বই কিনতে পারেন।
কী ভাবে গুছিয়ে রাখবেন বই?
রাশি রাশি বই থাকলেই হল না, অজস্র বইয়ের মাঝে দরকারের সময়ে চট করে কাজের বইটি বার করে ফেলাটাও জরুরি। বইয়ের হিসাব রাখা দরকার। গ্রন্থাগারে হাজার হাজার বইয়ের মধ্যে থেকে গ্রন্থাগারিক যে কাজের বইটি চট করে বার করে দিতে পারেন , তা শুধু তিনি বইগুলি নাড়াচাড়া করেন বা হদিস জানেন বলেই নয়। তিনি কাজটি পারেন কারণ, গ্রন্থাগারে বই রাখার বিশেষ ধরন আছে। যা বই খুঁজে পেতে সাহায্য করে।
• বইয়ের নামের আদ্যক্ষর অনুযায়ী অক্ষরের ক্রম মেনে বইগুলি সাজানো যায়।
• বইয়ের বিষয়বস্তু অনুসারেও তা সাজিয়ে রাখা যায় ব্যক্তিগত গ্রন্থাগারে।
• বইয়ের সময়ানুসারে, বইয়ের আকার, শক্ত মলাট না পাতলা মলাট তার উপর নির্ভর করেও অনেক সময় বই রাখতে হয়।
• ছোটদের বই সাজানোর শর্ত হতে পারে রং, কারণ তারা রঙের প্রতি আকৃষ্ট হয়।
• বইয়ের সংখ্যা খুব বেশি হল, বইয়ের নামে ক্রম বসিয়ে সেগুলি কম্পিউটারে বা খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারেন।