জুন মাসে চারা বসালে কী সমস্যা হবে? ছবি:সংগৃহীত।
বর্ষার জল পেলে গাছপালা বড় তাড়াতাড়ি বেড়ে ওঠে। মাটিও সরস থাকে। সেই কারণে, পুরোপুরি বর্ষা ঢোকার আগে অনেকেই জুন মাসে বিভিন্ন রকম গাছের চারা বসান। তবে কেন অনেক সময় এই মাস চারা বসানোর অনুপোযোগী হতে পারে?
১। জুন মাসেও বেশ গরম থাকে। তা ছাড়া সব জায়গায়, বর্ষাও ঢোকে না। বৃষ্টি শুরু না হলে এক দিকে গরম, অন্য দিকে মাটির রুক্ষ ভাবের কারণে চারা গাছ শুকিয়ে যেতে পারে। বিশেষত বৃষ্টি দেরিতে এলে, এই সমস্যা হতে পারে।
২। এই মাসে অনেক জায়গায় আর্দ্রতা কম থাকে। তপ্ত এবং আর্দ্রতাহীন বাতাসের ঝাপটা ছোট গাছ সহ্য করতে পারে না। ফলে চারা গাছ বসিয়ে রোদে রাখলে, গাছ শুকিয়ে যেতে পারে।
৩। চারা গাছের শিকড় গভীরে যেতে পারে না। এ দিকে জুন মাসে বৃষ্টি শুরু না হলে প্রচণ্ড গরমে মাটি থেকে জল বাষ্প হয়ে যায়। এ দিকে চারা গাছের শিকড় গভীরে যেতে না পারায়, জলের অভাব হয়। ফলে গাছ দ্রুত শুকিয়ে যেতে পারে।
কী করণীয়
জুন মাসে চারা বসাতে হলে মাটি খুঁড়ে হালকা করে দিন। নিয়ম করে জল দিতে হবে। চারা একটু বড় না হওয়া পর্যন্ত হালকা রোদে রাখা ভাল। চড়া রোদ সহ্য করতে পারবে না। গাছ বেড়ে ওঠার সময় কোনও সমস্যা হচ্ছে কি না, বোঝার জন্য নজরদারি প্রয়োজন।