Tiffin Packing Rules

টিফিন গুছিয়ে এনেছেন,অথচ বাক্স খুলতেই পচা গন্ধ! কী ভাবে খাবার নেবেন, জানাল খাদ্য নিয়ন্ত্রক সংস্থা

গরম এবং আর্দ্র আবহাওয়ায় খাবারে দ্রুত পচন ধরে যায়। আর তাই টিফিন গোছানো নিয়ে নির্দেশাবলি জারি করল খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৫:৪০
Share:

টিফিনবাক্স গোছাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

অফিসে বেরোনোর আগে টিফিন গোছানো কম ঝক্কির নয়। কিন্তু তা না পোহালে বাইরের খাবার খেয়ে পেট ও টাকা দুই-ই নষ্ট হতে পারে। সেই আশঙ্কায় অধিকাংশ মানুষই খাবার নিয়ে যান কর্মক্ষেত্রে। কিন্তু প্যাক করলেন সুঘ্রাণযুক্ত সুস্বাদু খাবার, খাওয়ার সময়ে তা হয়ে গেল অখাদ্য। কারণ, অফিসে নিয়ে যেতে যেতে, তার পর খাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে করতে তা আর ঠিক থাকে না। গরম এবং আর্দ্র আবহাওয়ায় খাবারে দ্রুত পচন ধরে যায়। আর তাই নির্দেশাবলি জারি করল খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। তাতে ঝক্কি বাড়লেও খাবার থাকবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

Advertisement

এফএসএসএআই ৪টি ধাপে টিফিন গোছানোর নির্দেশ দিল

১. বাক্স পরিষ্কার করুন

Advertisement

ব্যবহারের আগে টিফিনবাক্স ভাল করে সাবানজলে ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। তার পর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে পাত্রগুলি। তার আগে খাবার প্যাক করবেন না ভুলেও। নয়তো ভিতরে জমে থাকা আর্দ্রতা খাবারে দ্রুত পচন ধরাতে পারে। আর যদি ভাল করে পরিষ্কারই না হয়, তা হলে খাবার দূষিতও হতে পারে।

২. সঠিক বাক্স ব্যবহার করুন

প্লাস্টিকের টিফিনবাক্সে খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে তা যদি গরম খাবার হয়। এর ফলে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। তাই বাক্স নিয়ে সচেতন হতে হবে। ফাটা বা ক্ষতিগ্রস্ত পাত্র ব্যবহার এড়িয়ে চলুন। পাশাপাশি, স্টিল, কাচ এবং উচ্চমানের প্লাস্টিকের বাক্সে খাবার ভরে নিয়ে যেতে পারেন কেবল।

৩. বাক্স যেন আঁটোসাঁটো হয়

এমন বাক্স বেছে নিতে হবে, যা থেকে খাবার চুঁইয়ে পড়ার আশঙ্কা থাকে না। তা ছাড়া বাক্সের ঢাকনা যেন আঁটোসাঁটো হয়ে বন্ধ করা যায়, সেটিও দেখে নিতে হবে। যাতে বাইরে পড়ে গিয়ে খাবার নষ্ট না হয়।

৪. গরম খাবার বাক্সবন্দি করবেন না

রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই তাড়াহুড়ো করে খাবার টিফিনে ভরে দেন। এই ভুল ঘরে ঘরে হয়। খুব গরম খাবার বন্ধ পাত্রে ভরলে ভিতরে জলীয় বাষ্প জমে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয়। তাতে জীবাণু বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে। খাবার কিছুটা ঠান্ডা হওয়ার পরে প্যাক করা উচিত।

খাবারের গুণগত মান শুধু রান্নার উপর নির্ভর করে না। সংরক্ষণ এবং বয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিও সমান গুরুত্বপূর্ণ। যত্ন করে রান্না করা খাবার যদি ভুল ভাবে প্যাক করা হয়, তা হলে তার পুষ্টিগুণও নষ্ট হতে পারে। পাশাপাশি, খাবার অপচয়ের আশঙ্কা থাকেই। তাই রোজের টিফিন প্রস্তুত করার সময়ে উপরোক্ত সাধারণ নিয়মগুলি মেনে চলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement