Induction Cooking Bill

গ্যাসের অভাবে ইন্ডাকশনে রান্না, বিদ্যুতের বিল বেশি আসছে? ৫টি কৌশল মানলেই সাশ্রয় হবে!

বাড়িতে গ্যাস না থাকায় বা খরচ কমাতে অনেকেই বৈদ্যুতিক যন্ত্রে রোজের রান্না চাপাচ্ছেন। তাতে গ্যাস খরচ নির্ঘাত কমছে, কিন্তু বাড়ছে বিদ্যুতের বিল। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে শক্তির খরচ কমবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:২৩
Share:

ইন্ডাকশনে রান্নার সময়ে নিয়ম মেনে চললে বিদ্যুৎ খরচ কমবে? ছবি: সংগৃহীত।

রান্নার গ্যাসে টান পড়ার পর থেকে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের চল বেড়েছে। তা সে ইলেকট্রিক কুকার হোক বা ইনডাকশন অথবা ইনফ্রারেড। বাড়িতে গ্যাস না থাকায় বা খরচ কমাতে অনেকেই এই যন্ত্রগুলিতেই রোজের রান্না চাপাচ্ছেন। তাতে গ্যাস খরচ নির্ঘাত কমছে, কিন্তু বাড়ছে বিদ্যুতের বিল। আর সে কারণেই ইনডাকশন কুকটপে রান্নার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে পারেন। তাতে বিদ্যুৎ খরচ খানিক কমতে পারে।

Advertisement

কী কী নিয়ম মানবেন ইন্ডাকশন ব্যবহারের ক্ষেত্রে? ছবি: সংগৃহীত

১. সঠিক বাসন: ইন্ডাকশনের ভিতরে থাকা কয়েল এক ধরনের অদৃশ্য চৌম্বকক্ষেত্র তৈরি করে। এই শক্তি যখন লোহার পাত্রের সংস্পর্শে আসে, তখন পাত্রের ভিতরের অণুগুলি খুব দ্রুত কাঁপতে শুরু করে। এই ঘর্ষণের ফলেই পাত্র গরম হয়ে ওঠে। যেহেতু এটি চুম্বকের ওপর নির্ভরশীল, তাই কাস্ট আয়রন (ঢালাই লোহা) বা চৌম্বকীয় স্টেনলেস স্টিল ব্যবহার করাই ভাল। এতে প্রায় ৯০ শতাংশ তাপ সরাসরি রান্নায় কাজে লাগে। অপচয় কম হয়।

২. সঠিক তাপমাত্রা: চটজলদি জল ফুটে যায় ইন্ডাকশনে। এক বার জল ফুটে গেলে বা পাত্র গরম হয়ে গেলে আর আগের মতো অনেক শক্তির প্রয়োজন হয় না। তাই সারা ক্ষণ বেশি পাওয়ারে ইন্ডাকশন চালালে প্রচুর বিদ্যুৎ অপচয় হয়। এই যন্ত্রের সুবিধা হল, এতে তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। চাইলে খুব কম তাপেও খাবারটি সমান ভাবে গরম রাখতে পারেন। রান্নার শুরুতে দ্রুত গরম করার জন্য বেশি পাওয়ার ব্যবহার করলেও, রান্না চলাকালীন তাপ কমিয়ে দিলে ক্ষতি হবে না এবং বিদ্যুতের বিলও কম আসবে।

Advertisement

৩. ঢাকা দিয়ে রান্না: ঢাকনা ছাড়া রান্না করলে বাষ্প হিসেবে তাপ বেরিয়ে যায় বাইরে। তাতে শক্তি নষ্ট হয়। রান্না হতে সময়ও বেশি লাগে। ঢাকা দিয়ে রান্না করলে পাত্রের ভিতরটা খুব দ্রুত গরম হয় এবং গরম থাকেও। ঢাকা না দিলে প্রচুর তাপ বাতাসে হারিয়ে যায়, যা পূরণ করতে ইন্ডাকশনকে বাড়তি বিদ্যুৎ খরচ করে অনেক ক্ষণ চলতে হয়। তাই রান্নার সময় ঢাকা দিলে তাপ ভিতরেই আটকে থাকে, খাবার দ্রুত সেদ্ধ হয় এবং বিদ্যুৎ বিলও অনেক কম আসে।

৪. রান্নার আগে ভেজানো: রান্নার আগেই চাল, ডাল ইত্যাদি জলে ভিজিয়ে রাখতে পারেন। এর ফলে আগে থেকেই খাবারের ভিতরে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। এর ফলে কম সময়ে রান্নাটি করা হয়ে যায়। তাই যন্ত্রকে বেশি ক্ষণ চালিয়ে রাখার দরকার পড়ে না। বিদ্যুতের খরচও কম হয়।

Advertisement

৫. পরিষ্কার রাখা: ইন্ডাকশন কুকটপ সব সময়ে পরিষ্কার রাখা দরকার। রান্নার পরে তার উপরে যেন তেল-মশলা বা খাবারের অবশিষ্টাংশ ছড়িয়ে না থাকে। তার মূল কারণ হল, ইন্ডাকশনের কয়েল থেকে তাপ সরাসরি কাচের কুকটপে সঞ্চারিত হয়। যদি ময়লা পড়ে থাকে, তা হলে এই দুইয়ের মধ্যে ব্যবধান তৈরি হয়। ফলে চৌম্বকীয় শক্তি ঠিকমতো পাত্রে পৌঁছোতে পারে না এবং শক্তির অপচয় হয়। তাই কুকটপ পরিষ্কার রাখলে চৌম্বকীয় তরঙ্গগুলি সরাসরি পাত্রে গিয়ে সর্বোচ্চ তাপ তৈরি করতে পারে। এর ফলে বিদ্যুৎ সাশ্রয়ও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement