TV Cleaning Tips

কী দিয়ে পরিষ্কার করবেন টিভির স্ক্রিন? কোন ভুলটি করলে নতুন টিভি খারাপ হয়ে যেতে পারে

সিনেমা চালু হতেই মেজাজ একেবারে বিগড়‌ে গেল। টিভির উপর ধুলোর পরত পড়ে স্ক্রিনটা একেবারে ঝাপসা দেখাচ্ছে। কী ভাবে পরি‌ষ্কার করলে স্ক্রিনটি ঝকঝকে হবে আর টিভি নষ্টও হবে না?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:০১
Share:

টিভি পরিষ্কার করার সঠিক নিয়ম কী? ছবি: সংগৃহীত।

বাড়ির স্মার্ট টিভিতে পরিবারের সকলে মিলে সিনেমা দেখার পরিকল্পনা করেছেন। সিনেমা চালু হতেই মেজাজ একেবারে বিগড়‌ে গেল। টিভির উপর ধুলোর পরত পড়ে স্ক্রিনটা একেবারে ঝাপসা দেখাচ্ছে। মুছতে গিয়েই এক বার থামতে হল। মনে পড়ে গেল পাশের বাড়ির রিনিদের কথা। রিনিদের বাড়ির স্মার্ট টিভিটি বছর দেড়েকের মাথায় আচমকা খারাপ হয়ে গিয়েছিল। কী করে হল, খোঁজ করতে গিয়ে জানা যায়, বাড়ির পরিচারিকা আসবাব পরিষ্কারের তরল স্প্রে দিয়ে খুব ভাল করে টিভির পর্দা মুছেছিলেন। তাতেই বিপত্তি!

Advertisement

এ বার প্রশ্ন হল তা হলে টিভির স্ক্রিনটি ঝকঝকে করবেন কী করে? উত্তর হল কফি ফিল্টার পেপার দিয়ে। ইলেকট্রনিক ডিভাইসগুলি নিয়মিত পরিষ্কার করলে শুধু সেগুলির বাহ্যিক সৌন্দর্যই বাড়ে না, বরং সেগুলির কার্যকারিতাও বৃদ্ধি পায়। রিমোটের বোতাম ও স্ক্রিনের কার্যকারিতায় ব্যাঘাত ঘটাতে পারে ধুলো-ময়লা। তাই সপ্তাহে অন্তত এক বার পরিষ্কার করা ভীষণ জরুরি।

কোন ভুল ভুলেও নয়

Advertisement

১. প্রতিটি টেলিভিশনের সঙ্গে তার ব্যবহারবিধির বই দেওয়া হয়। সেখানেই দেওয়া থাকে পরিচ্ছন্নতার নির্দেশিকাও। যে হেতু বিভিন্ন টিভির পর্দা আলাদা, তাই বইয়ে দেখে নিন, ব্যবহার করা যাবে না বলে সতর্কতা হিসাবে কিছু দেওয়া আছে কি না।

২. কোনও ধরনের রাসায়নিক স্প্রে পর্দায় দিয়ে মুছবেন না।

৩. কাগজ বা টিস্যু পেপার, খসখসে কাপড় টিভির পর্দা মোছার জন্য নেবেন না।

৪. টিভি পরিষ্কারের সময়ে টি‌ভির মূল সুইচ যেন অফ থাকে সে দিকে নজর রাখতে হবে। টিভি অনেক ক্ষণ চলার পর গরম হয়ে যায়, সে ক্ষেত্রে টিভি বন্ধের পর বেশ কিছু ক্ষণ অপেক্ষা করে তার পরেই মুছতে হবে।

৫. স্ক্রিন পরিষ্কার করার জন্য জানলা পরিষ্কার করার তরল, সাবান, স্ক্রাবিং পাউডার বা রাসায়নিক ক্লিনার ব্যবহার করবেন না। এগুলিতে অ্যালকোহল, বেনজিন, অ্যামোনিয়া বা পেইন্ট থিনারের মতো দ্রাবক থাকে যা স্ক্রিনের অ্যান্টি-গ্লেয়ার কোটিং তুলে ফেলতে পারে এবং স্ক্রিনে দীর্ঘস্থায়ী দাগ পড়ে যেতে পারে।

ঠিক কী ভাবে পরিষ্কার করবেন?

স্ক্রিনে আঁচড় পড়া এড়াতে এবং দাগ পড়া কমাতে, জল দিয়ে সামান্য ভেজানো একটি মাইক্রোফাইবারের কাপড় দিয়ে প্রথমে আলতো হাতে টিভির স্ক্রিন মুছুন। জেদি দাগ পরিষ্কার করার জন্য কাপড়টি ডিসটিল্‌ড ওয়াটার (পাতিত জল) বা স্ক্রিন ক্লিনার দিয়ে সামান্য ভিজিয়ে নিন। সরাসরি স্ক্রিনে তরল স্প্রে করবেন না, কারণ এতে টিভির স্ক্রিন এবং ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি পরিষ্কার ও শুকনো মাইক্রোফাইবারের কাপড় বা কফি ফিল্টার দিয়ে স্ক্রিনটি মুছে নিন। টিভি পুনরায় চালু করার আগে দেখে নিন স্ক্রিনটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে কি না।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement