Summer Cat Care

গরমে ক্লান্ত মার্জার? পোষ্যের খাবারের তালিকায় থাকবে কী, বাদই বা যাবে কোনটা?

গরমের মরসুমে তাপমাত্রার পারদ চড়তে থাকলে সকলেরই কষ্ট হয়। বাদ যায় না মার্জারও। গরমে শরীর ঠান্ডা রাখার দরকার পড়ে তাদেরও। মার্জারের খাবারের তালিকায় কোন কোন উপাদান থাকা জরুরি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৮:৩২
Share:

বিড়ালকে ভুল খাবার খাওয়াচ্ছেন না তো? ছবি: সংগৃহীত।

সারমেয় হোক বা মার্জার, বাজারচলতি নানা ধরনের খাবার তাদের জন্য মেলে। তবে সকলেই যে পোষ্যকে প্যাকেটজাত খাবার খাওয়াতে চান তা নয়, বরং মানুষ যে খাবার খায়, সেই সব তারা দিব্যি খেতে পারে। খেয়ে ভালও থাকে।

Advertisement

গরমের মরসুমে তাপমাত্রার পারদ চড়তে থাকলে সকলেরই কষ্ট হয়। বাদ যায় না মার্জারও। গরমে শরীর ঠান্ডা রাখার দরকার পড়ে তাদেরও। তা ছাড়া, খাবারের তালিকায় ভুলভ্রান্তি পোষ্যের পুষ্টির অভাবের কারণ হতে পারে। বাড়িতে বিড়াল পুষলে, তার খাদ্যতালিকায় কী কী রাখবেন? এমনিতে বিড়াল মাংসাশী প্রাণী। তবে সব ধরনের খাবার তাদের জন্য প্রযোজ্য নয়।

বিড়ালের খাবার তালিকায় গরমের দিনে জলের ভাগ বৃদ্ধি করা জরুরি, বলছেন পশুরোগ চিকিৎসকেরা। অনেক জায়গায় বিড়ালকে প্যাকেটজাত শুকনো খাবার খাওয়ানো হয়। বিড়াল সাধারণত জল খেতে বিশেষ আগ্রহী হয় না। ফলে তাদের শরীরে জলাভাব দেখা দিতে পারে। তাই অর্ধতরল বা তরল খাবার মার্জারের খাবারের তালিকায় যুক্ত করা উচিত।

Advertisement

১। উচ্চমানের প্রোটিন রাখতেই হবে মার্জারের খাবার তালিকায়। সেই তালিকায় থাকবে মাছ, মাংস, ডিম। টরাইন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড মেলে প্রাণিজ প্রোটিনে, যা বিড়ালের হার্ট ভাল রাখতে সাহায্য করে। টরাইনের ঘাটতি হলে বিড়ালের কার্ডিয়োমায়োপ্যাথি হতে পারে বলে গবেষণায় প্রকাশ। ফলে প্রাণিজ প্রোটিনের জোগান সব সময় খাবারে থাকা জরুরি।

২। জরুরি ফ্যাটি অ্যাসিড বিড়ালের মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি। এই ফ্যাটি অ্যাসিড খাবারের মাধ্যমেই পায় পোষ্য। প্রাণিজ ফ্যাট, মাছের তেল বিড়াল হজম করতে পারলেও সব ধরনের ফ্যাটি অ্যাসিড হজম করতে পারে না।

৩। মাছ-ভাত মেখে খাওয়াচ্ছেন? বিড়ালের কিন্তু তেমন ভাবে কার্বোহাইড্রেটের দরকারই পড়ে না। অল্প মাত্রায় পাতে থাকলেই প্রয়োজনীয় শক্তি পায় বিড়াল। ভাত, সেদ্ধ আলু, কড়াইশুঁটি থেকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট পেতে পারে তারা। তবে খেয়াল রাখা দরকার, কার্বোহাইড্রেটের মাত্রা যেন সামগ্রিক খাবারের ১০ শতাংশই হয়। কারণ, কার্বোহাইড্রেট বেশি হলে পোষ্যের ওজন বেড়ে যেতে পারে, তা ছাড়া ডায়াবিটিসের ঝুঁকিও দেখা দিতে পারে।

৪। ফাইবার জরুরি পোষ্যের জন্য। সলিউবল এবং ইনসলিউবল, দুই ধরনের ফাইবারই পাতে থাকতে হবে। ফাইবার খাবার হজম করতে এবং পেট পরিষ্কারে সাহায্য করবে।তবে ফাইবার বেশি হলে পেটখারাপও হতে পারে। বিট, কিছু ধরনের সব্জি এবং ফল তাদের খাওয়ানো যায়, যেখান থেকে ফাইবার মিলবে।

৫। ভিটামিন এবং খনিজ বিড়ালের জন্য অত্যন্ত জরুরি।ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জ়িঙ্ক, পটাশিয়াম জরুরি। দৈনন্দিন খাবার থেকে এই ভিটামিন, খনিজ না মিললে, পশুরোগ চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে।

গরমে শরীর ঠান্ডা রাখতে ফ্রিজে বরফ জমিয়ে দিন। তরমুজ, শসা বরফের ট্রেতে জল দিয়ে জমিয়ে রাখতে পারেন। বাটিতে জল দিলে বিড়াল সাধারণত খেতে চায় না। তাদের বরফের টুকরো দিতে পারেন। বিড়াল যাতে জল খায়, পোষ্যের জন্য এমন জলের ফোয়ারা কিনে রাখতে পারেন।

মার্জারের খাদ্যতালিকা থেকে বাদ দিন প্রক্রিয়াজাত, শর্করাযুক্ত খাবার। তেল-মশলাদার খাবার, যা মানুষ অনায়াসে খেতে পারে, তা কিন্তু বিড়ালের শরীরের জন্য উপযুক্ত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement