ওয়াশিং মেশিনে জুতো ধোয়ার সময় মানতে হবে ৫ নিয়ম। ছবি: সংগৃহীত।
কাদামাখা জুতো নিজের হাতে কাচতে অনেক সময় লেগে যায়। সময়ের অভাবে আর আলসেমির কারণে জুতোগুলি দিনের পর দিন নোংরা অবস্থাতেই পড়ে যাকে। এ ভাবে ফেলে রাখা কাজের কথা নয়। জুতো কাচার জন্য ওয়াশিং মেশিনকে কাজে লাগানোই যায়। তবে তার জন্য মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস।
১) সবার আগে মনে রাখতে হবে সব ধরনের জুতো মেশিনে কাচা যায় না। ক্যানভাস, নাইলন, মেশ আর কটনের জুতোগুলি সহজেই মেশিনে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। কিন্তু লেদার, সুয়েদ আর ফোম-বেস্ড জুতোগুলি কখনওই মেশিনে কাচা সম্ভব নয়।
২) জুতো মেশিনে ধুতে দেওয়ার আগে ফিতেগুলি অবশ্যই খুলে নিতে হবে। না হলে ফিতেগুলি খুব একটা পরিষ্কার হবে না।
৩) জুতোগুলি লন্ড্রি ব্যাগ বা বালিশের কভারের মধ্যে ভরে তার পর মেশিনে দিন। জুতো ছাড়া কয়েকটি পুরনো তোয়ালেও মেশিনে ভরে দিন। এতে মেশিনে ভারসাম্য ঠিক থাকবে, আওয়াজও কম হবে।
৪) জুতোগুলি খুব বেশি ক্ষারযুক্ত সাবানে ধোবেন না। মৃদু তরল সাবান ব্যবহার করুন।
৫) ওয়াশিং মেশিনে কাচা পোশাক সাধারণত পাশে থাকা ড্রায়ারে দিয়ে অর্ধেক শুকিয়ে নেওয়া হয়। কিন্তু জুতোর ক্ষেত্রে এই ভুল করবেন না। ড্রায়ারে শুকোতে দিলে জুতোগুলিতে ভাঁজ পড়ে যাবে। এর বদলে খোলা হাওয়ায় সাধের জুতোগুলি শুকিয়ে নিন।