চার্জার প্লাগ থেকে খুলতে ভুলে যান? সমস্যা হতে পারে কি? ছবি:সংগৃহীত।
মোবাইল চার্জার দিনভর প্লাগেই লাগানো থাকে। সুইচটি যে বন্ধ করতে হবে, সেই খেয়ালও থাকে না। এমন অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কি? তবে প্রযুক্তিবিদেরা বলছেন, এমন অভ্যাস ক্ষেত্রবিশেষে বিপদের ঝুঁকি বৃদ্ধি করে না, বর্ধিত বিদ্যুৎ বিলেরও কারণ হতে পারে।
এমনিতে আধুনিক মোবাইল চার্জার নিরাপদ। প্লাগে লাগিয়ে রাখলে তেমন কোনও ভয় না থাকলেও এর কিছু ক্ষতিকর দিক আছে।
১। মোবাইল চার্জ না হলেও, এমন অভ্যাসে বেশি আসতে পারে বিদ্যুতের বিল। মোবাইলের চার্জারে এমন প্রযুক্তি রয়েছে যাতে অলক্ষেই বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। একটি চার্জারের জন্য বিদ্যুৎ খরচ স্বল্প হলেও, কোনও বাড়িতে যদি একাধিক চার্জার দিনের পর দিন এই ভাবে প্লাগে লাগানো থাকে তা হলে, বিদ্যুতের খরচ বেশ কিছুটা বাড়তেই পারে। অথচ এই বাড়তি বিলের আদতে কোনও প্রয়োজনই হয় না।
২। সারাক্ষণ চার্জার প্লাগে লাগিয়ে রাখলে চার্জারের ভিতরের যন্ত্রাংশ সক্রিয় থাকে। ফলে ধীরে ধীরে চার্জারের কার্যক্ষমতা কমতে থাকে। ধীরে হলেও চার্জারের আয়ু কমে যায়। সেই কারণে, ব্যবহার যখন হচ্ছে না, প্লাগ থেকে চার্জার খুলে রাখাই ভাল।
৩। অনেকেই চার্জার যেমন প্লাগ থেকে খোলেন না, তেমনই সুইচ বন্ধ করতেও ভুলে যান। এর ফলে বিশেষত পুরনো চার্জার তেতে উঠতে পারে। চার্জার খুব বেশি গরম হয়ে গেলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। আধুনিক চার্জার তুলনামূলক বেশি সুরক্ষিত হলেও, বিপদের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
৪। প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি হলে বা বৈদ্যুতিক গোলযোগের জন্য ভোল্টেজ বেড়ে বা কমে যায়। চার্জার যদি ক্রমাগত প্লাগে লাগানো থাকে, ভোল্টেজ ওঠানামার জন্য চার্জারের ভিতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫। আধুনিক চার্জার এমন ভাবে তৈরি, যাতে প্লাগে থাকলেও নিরাপত্তাজনিত সমস্যা হবে না। তবে তা সত্ত্বেও অকারণে তা প্লাগে লাগিয়ে রাখা অর্থহীন। কাজ হয়ে গেলে প্লাগ থেকে খুলে রাখাই ভাল।।