Aishwarya Rajesh

মদ খেয়ে টাকা বিলিয়ে দিতেন বাবা, পেয়েছিলেন ‘শরীর দেখানো’র প্রস্তাব! ‘সিঙ্গল’ নায়িকার শৈশব কাটে দারিদ্রে

অতীতে নায়িকা এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যে, তাঁর জীবন তিক্ত অভিজ্ঞতায় ভরে গিয়েছিল। তাই বর্তমানে কেরিয়ার নিয়েই মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০
Share:
০১ ১৮

বাবা দক্ষিণী চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন। মা অভিনয় করতেন মঞ্চে। বড়পর্দার সঙ্গে যোগসূত্র থাকলেও কেরিয়ার গড়়তে কঠিন পথ পেরোতে হয়েছিল নায়িকাকে। এমনকি, আলোকচিত্রশিল্পীর কাছেও অশালীন প্রস্তাব পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ।

০২ ১৮

১৯৯০ সালের জানুয়ারি মাসে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম ঐশ্বর্যার। বাবা-মা এবং তিন ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। শৈশবেই দুই ভাইকে হারান অভিনেত্রী। পিতৃহীনও হয়েছিলেন খুব কম বয়সে।

Advertisement
০৩ ১৮

ঐশ্বর্যার বাবা রাজেশ ছিলেন তেলুগু অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও নাকি হাত দিয়েছিলেন তিনি। শোনা যায়, রাজেশ একসময় অতিরিক্ত মদ্যপান করতে শুরু করেছিলেন। তার ফলে টাকাপয়সার হিসাবও রাখতেন না। সব টাকাই নাকি দান করে দিয়েছিলেন তিনি। রাজেশ মারা যাওয়ার পর মায়ের সঙ্গে অভাবের সংসারে দিন কাটাতেন ঐশ্বর্যা।

০৪ ১৮

চেন্নাইয়ের স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন ঐশ্বর্যা। বাণিজ্যে স্নাতক হওয়ার পর তাঁর কেরিয়ার বয়ে যায় অন্য খাতে। কলেজে পড়াকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসূত্রে নাচ শিখতে হয়েছিল ঐশ্বর্যাকে।

০৫ ১৮

এই সময়ে নাচের একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে বিজয়ী হন ঐশ্বর্যা। ছোটপর্দার একটি রিয়্যালিটি শোয়ে সঞ্চালনার প্রস্তাব পান তিনি। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ঐশ্বর্যাকে। একের পর এক ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি।

০৬ ১৮

১৯৯৫ সালে তেলুগু ভাষার একটি ছবিতে শিশু অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। কিন্তু ২০১০ সাল থেকে পাকাপাকি ভাবে অভিনয় শুরু করেন তিনি। তেলুগু ভাষার ছবির পাশাপাশি তামিল এবং মালয়ালম ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

০৭ ১৮

দক্ষিণী বহু তারকার সঙ্গে মাঝেমধ্যেই নাম জড়িয়ে পড়ে ঐশ্বর্যার। এমনকি, সমাজমাধ্যমেও নায়িকার বিয়ের সাজের ছবি ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে নায়িকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমারও জানতে ইচ্ছা করে যে, আমি কার সঙ্গে সম্পর্কে রয়েছি। কোনও ছবিতে বিয়ের দৃশ্যে অভিনয় করলে সেই ছবিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু আমি এখনও সিঙ্গল।’’

০৮ ১৮

ঐশ্বর্যা জানিয়েছিলেন, কলেজে পড়ার সময় এক তরুণের সঙ্গে পাঁচ-ছ’বছরের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু অভিনয়ে কেরিয়ার শুরু করার পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। নায়িকার দাবি, ক্রমাগত মতের অমিল হওয়ার কারণেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান তিনি।

০৯ ১৮

নায়িকার দাবি, সম্পর্ক-ভালবাসাকে একসময় খুব ভয় পেতেন তিনি। অতীতে তিনি এমন এক সম্পর্কে জড়িয়েছিলেন যে, তাঁর জীবন তিক্ত অভিজ্ঞতায় ভরে গিয়েছিল। তাই বর্তমানে তিনি কেরিয়ার নিয়েই মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১০ ১৮

ঐশ্বর্যা বলেন, ‘‘আমি আমার কেরিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে, এখন প্রেম করার মতো কোনও রকম সময় নেই।’’ তবে পেশাগত জীবনে খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন নায়িকা। সম্প্রতি এক পডকাস্টে সেই কথাই জানিয়েছেন তিনি।

১১ ১৮

ঐশ্বর্যা জানান, ফোটোশুট করার জন্য এক আলোকচিত্রশিল্পীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর কম বয়স। রঙিন দুনিয়ার পিছনেও যে অন্ধকার থাকে, সে বিষয়ে অবগত ছিলেন না তিনি।

১২ ১৮

আলোকচিত্রশিল্পীর কাছে ঐশ্বর্যাকে নিয়ে গিয়েছিলেন তাঁর ভাই। ভাইকে বাইরে অপেক্ষা করতে বলে আলোকচিত্রশিল্পীর ঘরে ঢুকেছিলেন নায়িকা। ঐশ্বর্যাকে দেখেই তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই আলোকচিত্রশিল্পী।

১৩ ১৮

ঐশ্বর্যা বলেন, ‘‘আমি ঘরে ঢুকে ছবি তোলানোর জন্য প্রস্তুত হচ্ছি। সঙ্গে সঙ্গে আমার হাতে স্বল্পদৈর্ঘ্যের পোশাক ধরিয়ে দেন আলোকচিত্রশিল্পী। তিনি বার বার আমায় পোশাক বদলে ফেলার জন্য জোর করতে থাকেন।’’

১৪ ১৮

আলোকচিত্রশিল্পীর কথায় ঐশ্বর্যা আপত্তি জানালে তিনি বলেছিলেন, ‘‘পোশাকটি পরে ফেলুন। আমি আপনার শরীর দেখতে চাই। আজকাল সবাই এ রকম করে।’’ আলোকচিত্রশিল্পীর কথা শুনে থতমত খেয়ে যান নায়িকা।

১৫ ১৮

ঐশ্বর্যা সেই প্রসঙ্গে বলেন, ‘‘আমি তো তখন অনভিজ্ঞ ছিলাম। হয়তো আরও খানিক ক্ষণ আলোকচিত্রশিল্পীর সঙ্গে কথোপকথন চললে তিনি আমায় রাজি করিয়ে ফেলতেন। কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। হঠাৎ কী মনে হল, আমি ছলনার আশ্রয় নিলাম।’’

১৬ ১৮

ঐশ্বর্যা তখন আলোকচিত্রশিল্পীকে জানিয়েছিলেন যে, এই ধরনের পোশাক পরার আগে তাঁকে তাঁর ভাইয়ের অনুমতি নিতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

১৭ ১৮

ঐশ্বর্যা আরও বলেন, ‘‘তখন না হয় আমার উপস্থিত বুদ্ধি কাজ করেছিল। কিন্তু যাঁরা আমার মতো অনভিজ্ঞ, তাঁরা তো সেই পরিস্থিতির শিকার হয়ে নিজেকে সব সময় না-ও বাঁচাতে পারেন। এগুলো ভেবেই খারাপ লাগে।’’

১৮ ১৮

অভিনয়ের পাশাপাশি গয়না প্রস্তুতকারী একটি সংস্থা চালান ঐশ্বর্যা। সমাজমাধ্যমেও নিজস্ব অনুরাগীমহলও তৈরি করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৩৪ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement