Nora Fatehi Controversies

আর্থিক তছরুপ মামলা থেকে একাধিক সম্পর্কের গুঞ্জন! ‘সরকে চুনর তেরি’র আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন নোরা

‘সরকে চুনর তেরি সরকে’ গানে নেচে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফতেহি। গানটি মুক্তির পরেই ছিছিক্কার পড়ে যায় নেটপাড়ায়। কটাক্ষে বিদ্ধ হন নোরা ফতেহি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১০:২৬
Share:
০১ ১৮

‘সরকে চুনর তেরি সরকে’ গানে নেচে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফতেহি। ‘কেডি: দ্য ডেভিল’ নামে কন্নড় ছবির একটি গানের দৃশ্যায়ন এবং কথা নিয়ে আপত্তি উঠেছিল। ইতিমধ্যেই গানটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

০২ ১৮

গানটি মুক্তির পরেই ছিছিক্কার পড়ে যায় নেটপাড়ায়। কটাক্ষে বিদ্ধ হন নোরা। সমালোচনায় বিদ্ধ হন সঞ্জয় দত্তও। এর পরেই সমাজমাধ্যমে মুখ খোলেন নোরা। দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছিল। এই গান নেটপাড়া থেকে সরে যাওয়ায় তিনিও স্বস্তি পেয়েছেন বলে দাবি করেছেন।

Advertisement
০৩ ১৮

বুধবার ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন নোরা। অভিনেত্রী জানান, প্রথমত গানটা কন্নড় ভাষায় শুট করা। শুটিংয়ের সময়েই তিনি নাকি নির্মাতাদের কাছে গানের কথার অর্থ জানতে চেয়েছিলেন। তখন শুনে যদিও কোনও অসুবিধা হবে বলে মনে হয়নি তাঁর।

০৪ ১৮

নোরা বলেন, ‘‘গানটা হিন্দি ভাষায় মুক্তি পেতেই সমস্যাটা শুরু হল। আসলে হিন্দিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এটা যে হবে এমন কোনও ধারণা আমার ছিল না।” বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত অবশ্য এই বিতর্কে এখনও নীরব। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে সমনও পাঠানো হয়েছে নোরা এবং সঞ্জয়কে।

০৫ ১৮

তবে এই প্রথম না, আগেও একাধিক বার বিতর্কের মুখে পড়েছেন নোরা। সাফল্যের মুখ দেখলেও পেশার দুনিয়ায় নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অভিনেত্রীকে। নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তার মধ্যে অন্যতম ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলা। সেই মামলায় নাম জড়িয়েছিল নোরার।

০৬ ১৮

প্রতারণা-কাণ্ডের মূল চক্রী ধৃত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর যোগসূত্র পেয়েছিলেন তদন্তকারীরা। পরে তা নিয়ে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন নোরা।

০৭ ১৮

অভিনেত্রীর দাবি ছিল, রহস্যের গন্ধ পাওয়ামাত্রই সুকেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন তিনি। সুকেশের সঙ্গে তাঁর কখনও সামনাসামনি দেখাও হয়নি। হোয়াট্‌সঅ্যাপে দু’বার চন্দ্রশেখরের সঙ্গে কথা হয়েছিল নোরার। যদিও সুকেশ দাবি করেছিলেন, নোরা তাঁর থেকে বহুমূল্য সব উপহার নিয়েছিলেন।

০৮ ১৮

একটি ছবিকে কেন্দ্র করেও নোরার জীবনে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল, নোরার শরীর স্পর্শ করেছিলেন কোরিয়োগ্রাফার টেরেন্স লুইস। সেই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। বিতর্কও হয় বিস্তর। যদিও তাঁরা দাবি করেন, ছবিটি বিকৃত করা হয়েছে।

০৯ ১৮

ঘটনাচক্রে নোরার সঙ্গে টেরেন্সের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল বলিপাড়ায়। যদিও কেউই এই গুঞ্জনকে সিলমোহর দেননি। তাঁরা ভাল বন্ধু বলেই দাবি করেছেন টেরেন্স।

১০ ১৮

বলিউডের অভিনেত্রীদের বার বার প্রেমে পড়ার কাহিনি নতুন নয়। নোরাও এর ব্যতিক্রম নন। অভিনেত্রীর একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে বি-টাউনে।

১১ ১৮

টেরেন্স লুইসের পাশাপাশি অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গেও নোরার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়। গুজব রয়েছে, নোরার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্গদ।

১২ ১৮

রিয়্যালিটি শো তারকা তথা অভিনেতা প্রিন্স নারুলার সঙ্গেও নোরার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। ‘বিগ বস্‌ ৯’-এ নোরা ও প্রিন্স কাছাকাছি এসেছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও পরে এই সম্পর্কের কথা অস্বীকার করেন নোরা।

১৩ ১৮

তাঁর আলটপকা মন্তব্য নিয়েও হইচই পড়েছিল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা ৯’-এ অভিনেতা-কোরিয়োগ্রাফার সলমন ইউসুফ খানের অংশ নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন নোরা। তিনি বলেছিলেন, সলমনের মতো প্রশিক্ষিত শিল্পীর বিচারক হওয়া উচিত ছিল।

১৪ ১৮

মরক্কোর ফুটবলতারকা আশরফ হাকিমির সঙ্গেও নাম জড়িয়েছিল নোরার। মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তার পর থেকেই ফুটবলজগতের নামী তারকার সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে।

১৫ ১৮

নোরা এবং টি-সিরিজ়ের চেয়ারম্যান ভূষণ কুমারের মধ্যেও প্রেমের সম্পর্কের গুঞ্জন বছরের পর বছর ধরে চলে আসছে বলিপাড়ায়। ২০২২ সালে প্রথম তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। নোরা দীর্ঘ দিন টি-সিরিজ়ের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে স্টুডিয়োটির সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। কর্মজীবনের সাফল্যের জন্য একাধিক বার ভূষণকে কৃতিত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। একাধিক বার একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। ফলে সব মিলিয়ে দু’য়ে দু’য়ে চার করতে বেশি সময় নেননি নোরার অনুরাগীরা।

১৬ ১৮

তবে ভূষণ বিবাহিত হওয়ার কারণে নোরার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনার পালে বেশি করে হাওয়া লেগেছিল। ভূষণের স্ত্রী চলচ্চিত্রনির্মাতা তথা অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তবে নোরা এবং ভূষণ দুজনেই ধারাবাহিক ভাবে বলে এসেছেন যে তাঁদের সম্পর্কটি সম্পূর্ণ পেশাগত।

১৭ ১৮

করোনা অতিমারির সময়ও বিতর্ক পিছু ছাড়েনি নোরার। ২০২১ সালের ডিসেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। অভিযোগ, অসুস্থ অবস্থাতেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন নোরা। পরে তাঁর তরফে জানানো হয়, যে ছবিটি ঘিরে বিতর্কের সূত্রপাত, সেটি পুরনো।

১৮ ১৮

লোকে বলে, অভিনেত্রীর জীবনে বিতর্ক থাকবে না, তা আবার হয় নাকি! নোরার জীবনেও বিতর্ক রয়েছে। তার নবতম সংযোজন ‘সরকে চুনর তেরি’। তবে এত বিতর্কেও অভিনেত্রীর সাফল্যের সিঁড়িতে ওঠা আটকায়নি।

সব ছবি: ফাইল এবং সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement