১৫ এপ্রিল ২০২৬, বুধবার থেকে শুরু হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। যে কোনও বাঙালি হিন্দুর কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। নানা শুভ কাজ করার জন্য বিশেষ এই দিনটিকে উপযুক্ত মনে করা হয়।
নতুন বছর আমাদের কাছে পুরনো সব ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করার সুযোগ নিয়ে আসে। তা সে বছরটা বাংলার হোক বা ইংরেজির। নববর্ষ মানেই নব সূচনা।
বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। শাস্ত্রমতে বৈশাখ শুভ মাস। এই মাসে বিয়ে থেকে শুরু করে অন্যান্য কাজের নানা দিনক্ষণ পঞ্জিকায় দেখতে পাওয়া যায়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের প্রথম মাস ভাল কাটলে নাকি গোটা বছরটাই খুব সুন্দর ভাবে কাটানো যায়। তাই শুরুতেই জেনে নিন বৈশাখ মাস কোন রাশির কেমন কাটতে চলেছে। কাদের কোন বিষয়ে সতর্ক থাকতে হবে।
মেষ: মেষ জাতক-জাতিকাদের বৈশাখ মাস যে খুব ভাল কাটবে তা নয়, তবে খুব খারাপও কাটবে না। কর্মক্ষেত্রে মোটামুটি ফল পাবেন। শত্রুরা চেয়েও ক্ষতি করে উঠতে পারবে না। ব্যবসায় বুদ্ধি করে চললে মুনাফা পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা। এ বিষয়ে সতর্ক থাকতে পারলে ভাল। না হলে সমস্যা আইনি পথে ঘুরতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ: ১৪৩৩-এর বৈশাখ মাস বৃষ জাতক-জাতিকাদেরও ভাল-মন্দ মিশিয়ে কাটবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিশ্রমের বলে নিজেকে পেশাক্ষেত্রের উচ্চস্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আয় ভাল হবে। সেই কারণে সঞ্চয়ও হবে মনোমতো। রাগ বশে না রাখতে পারলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে কথায় কথায় মতবিরোধ লেগেই থাকবে। রাজনৈতিক তর্কবিতর্ক এড়িয়ে চলুন। অন্যথায় শত্রুসংখ্যা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের বিষয়ে অযত্নশীল হলে চলবে না।
মিথুন: মিথুন রাশির বৈশাখ মাসটি বেশ ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনাকে এই মাসে বাস্তবায়িত করার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা খুব ভাল ফল পাবেন। বহু দিন ধরে চলে আসা কোনও সাংসারিক সমস্যার অবসান ঘটবে। তবে রোগ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। বাইরের খাবার খাওয়ার বিষয়ে রাশ টানা জরুরি। কোনও খাতে বিনিয়োগ করার জন্যও এই মাসটি মিথুনের জন্য শুভ নয়। দূরে ভ্রমণে যাওয়ার সুযোগ রয়েছে। নতুন আয়ের পথের সন্ধান পেতে পারেন।
কর্কট: বৈশাখ মাসে কর্কট জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে দারুণ ফল পেতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। শেয়ারে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে দারুণ মুনাফা প্রাপ্তি ঘটবে। শারীরিক ক্ষেত্রে আগের থেকে উন্নত হবে। তবে এই মাসে কর্কট জাতক-জাতিকাদের শত্রুদের থেকে সাবধান থাকা জরুরি। তাঁরা নানা ভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার থাকলে সতর্ক থাকুন। বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে।
সিংহ: সিংহ জাতক-জাতিকাদের বৈশাখ মাস মোটামুটি কাটবে। শিক্ষার্থীরা যে পরিমাণ পরিশ্রম করবেন, সেই তুলনায় ভাল ফল পাবেন না। কোনও নামী সংস্থা থেকে কাজের সুযোগ আসতে পারে। কথাবার্তা বুঝেশুনে বলুন। অন্যথায় শত্রুসংখ্যা বৃদ্ধি পাবে। খরচের হাত নিয়ন্ত্রণে না রাখতে পারলে সমস্যার আশঙ্কা। দাম্পত্যজীবনেও ঝামেলা দেখা দিতে পারে। জমি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আইনি ঝামেলা দেখা দিতে পারে। বড় কোনও ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে সেটি স্থগিত রাখুন।
কন্যা: বৈশাখ মাসে কন্যা জাতক-জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকা জরুরি। দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা। উপার্জনের নতুন পথের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই আনন্দে অতিরিক্ত খরচ করে ফেলা চলবে না। মাসের প্রথমে কর্মক্ষেত্রে নানা সমস্যা দেখা দিলেও মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনও কাছের ব্যক্তির কথায় খারাপ লাগতে পারে।
তুলা: ১৪৩৩-এর প্রথম মাস তুলা জাতক-জাতিকাদের ভাল-মন্দ মিশিয়ে কাটবে। মাসের প্রথম থেকেই চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকুন। পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ আসা কোনও বিপদ থেকে রক্ষা পাবেন। ভাই-বোনের কারণে ব্যয়বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে কঠোর পরিশ্রম করতে পারলে ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়োবেন। শারীরিক ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকাদের বৈশাখ মাসে শারীরিক ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কা। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। ঋণ শোধ করার সুযোগ পাবেন। বাড়ি তৈরির কাজে অগ্রগতি আসবে। সংসারে কোনও ছোট বিষয় নিয়ে ঝামেলা বাধতে পারে। নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অন্যথায় সমস্যা বৃদ্ধি পাবে। মাসের মাঝামাঝি সময় কোনও কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। চোখকান খোলা রেখে চলুন।
ধনু: ধনু জাতক-জাতিকারা বৈশাখে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন, যা আপনাদের প্রশান্তি দেবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের সমীকরণ আগের থেকে ভাল হবে। সাংসারিক ক্ষেত্রে সমস্যা থাকবে। তবে মাথা গরম করা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল হবে। পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে বেগ পেতে হবে। খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের জন্য মাসটি লাভজনক হতে চলেছে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মকর: বৈশাখ মকর জাতক-জাতিকাদের মোটামুটি কাটবে। সম্পর্কক্ষেত্রে প্রেম বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হন। না হলে ভোগান্তি অবশ্যম্ভাবী। যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া ভাল হবে। অন্যথায় জটিল সমস্যায় পড়তে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। তাই খরচের বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনও কাছের মানুষের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। তাই যে কোনও কথা ভেবেচিন্তে বলুন। পরিবার ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
কুম্ভ: পরিবারের সকলকে নিয়ে বৈশাখে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন কুম্ভ জাতক-জাতিকারা। আলস্য ত্যাগ করতে হবে। না হলে কর্মক্ষেত্রে প্রবল সমস্যার সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তাই যে কোনও কথা ভেবেচিন্তে বলুন। মায়ের স্বাস্থ্যহানি ঘটতে পারে। সে বিষয়ে নজর রাখুন। মনের সুপ্ত ইচ্ছা সকলের সামনে প্রকাশ করবেন না। এর ফলে ইচ্ছাপূরণে বাধা আসতে পারে। কোনও কাজের জন্য সামাজিক ক্ষেত্রে নামডাক বৃদ্ধি পেতে পারে।
মীন: কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব মীন জাতক-জাতিকাদের ঘাড়ে আসতে পারে। এর ফলে কাজের চাপ বাড়লেও পেশাক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। তবে এর ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। জীবনে নতুন প্রেম কড়া নাড়তে পারে। ভাবুক না হয়ে বাস্তববাদী হোন। না হলে জীবনের সমস্যা বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্যের আশঙ্কা দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কথায় কান না দেওয়াই উচিত হবে।