Hardy Sandhu

দুর্ঘটনায় শেষ হয় ক্রিকেট কেরিয়ার, আয় করতেন ট্যাক্সি চালিয়ে, ভরা মঞ্চে মহিলার শারীরিক হেনস্থার শিকার হন গায়ক

গায়ক হিসাবে জনপ্রিয়তা না পেলে গানবাজনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর একটি গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে এই গানটি নতুন মোড়কে অক্ষয় কুমারের ছবিতে ব্যবহার করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:৪৬
Share:
০১ ১৬

এক দশক ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্ত খেলতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় চিরতরে খেলা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। উপার্জনের জন্য শেষমেশ ট্যাক্সি চালাতে শুরু করেছিলেন। বর্তমানে হিন্দি ও পঞ্জাবি সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক। পাশাপাশি, বড়পর্দাতেও অভিনয় করেছেন হার্ডি সন্ধু।

০২ ১৬

১৯৮৬ সালের সেপ্টেম্বরে পঞ্জাবের পাতিয়ালায় জন্ম হার্ডির। তাঁর আসল নাম অবশ্য হরদবিন্দর সিংহ সন্ধু। ২০০৪-’০৫ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পান হার্ডি। সেই সময় তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মার মতো ক্রিকেটাররা। ডানহাতি বোলার হিসাবে প্রশংসা পেতে শুরু করেছিলেন তিনি।

Advertisement
০৩ ১৬

১২ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন হার্ডি। কানাঘুষো শোনা যায়, তাঁর হার্ডি নামটি দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। বেঙ্গালুরুতে অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে থাকার সময় হরদবিন্দর নামটি উচ্চারণ করতে পারতেন না রবিন। তাই ভালবেসে তাঁকে ‘হার্ডি’ বলে ডাকতে শুরু করেন রবিন।

০৪ ১৬

২০০৬ সালে ক্রিকেট অনুশীলনের সময় কনুইয়ে জোর আঘাত পেয়েছিলেন হার্ডি। বহু চিকিৎসার পরেও তা পুরোপুরি ঠিক হয়নি। হার্ডি দেখছিলেন, তাঁর সতীর্থ এবং জুনিয়রদের মধ্যে অনেকে আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন। তা দেখে মুষড়ে পড়েছিলেন হার্ডি। স্টুডেন্ট ভিসা নিয়ে রাতারাতি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন তিনি।

০৫ ১৬

ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাওয়ায় হার্ডি বাড়ি ফিরতে চাননি। নিজের খরচ চালানোর জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে ট্যাক্সি চালাতে শুরু করেন তিনি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘ছোটবেলা থেকে আমি গান গাইতে ভালবাসতাম। কিন্তু কখনও গান নিয়ে কেরিয়ার গড়ব বলে ঠিক করিনি। অস্ট্রেলিয়ার রাস্তায় যখন ফাঁকা ট্যাক্সি নিয়ে ঘুরতাম, তখন গলা ছে়ড়ে গান গাইতাম। একদিন গান গাইতে গাইতেই মনে হল, আমি আমার জীবনটা বাঁচছি না।’’

০৬ ১৬

বন্ধুদের সঙ্গে শলাপরামর্শ করে ২০০৯ সালে বাড়ি ফিরে যান হার্ডি। রঞ্জি ক্রিকেটে অংশগ্রহণ করবেন বলে অনুশীলন করতে শুরু করেন। হাতের সমস্যার জন্য নিয়মিত চিকিৎসকের কাছেও যেতেন তিনি। কিন্তু ম্যাচ শুরু হওয়ার তিন দিন আগে আবার একই ভাবে চোট পান হার্ডি। ক্রিকেটের মাঠ থেকে চিরতরে বিদায় নিতে হয় তাঁকে।

০৭ ১৬

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েন হার্ডি। সেই সময় হার্ডির হাত শক্ত করে ধরেছিলেন তাঁর শৈশবের বান্ধবী জ়েনিথ। হার্ডির স্কুলের সহপাঠী ছিলেন তিনি। হার্ডির জীবনের কঠিন সময় জ়েনিথের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে।

০৮ ১৬

গান নিয়ে কেরিয়ার গড়বেন বলে সিদ্ধান্ত নেন হার্ডি। বাবা-মায়ের সঞ্চিত অর্থ খরচ করেই গান বানাতেন তিনি। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিলেন না। ২০১০ সাল থেকে গায়ক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তিন বছর পর জনপ্রিয় সঙ্গীতশিল্পী বি প্রাকের পরিচালনায় ‘সোচ’ নামের একটি গান মুক্তি পায় হার্ডির।

০৯ ১৬

হার্ডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে, ‘সোচ’ গানটি জনপ্রিয়তা না পেলে তিনি গানবাজনা থেকে নিজেকে সরিয়ে নেবেন। অন্য পেশায় মনোনিবেশ করবেন তিনি। কিন্তু গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে এই গানটি নতুন মোড়কে অক্ষয় কুমারের ‘এয়ারলিফ্‌ট’ ছবিতে ব্যবহার করা হয়।

১০ ১৬

‘সোচ’ মুক্তি পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি হার্ডিকে। একের পর এক পঞ্জাবি ভাষার গান গাইতে শুরু করেন তিনি। পাশাপাশি হিন্দি ছবিতেও গান গাওয়ার সুযোগ পান হার্ডি। ‘বালা’, ‘টোটাল ধামাল’, ‘গুড নিউজ়’-এর মতো একাধিক হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি।

১১ ১৬

২০১৪ সালে পঞ্জাবি ভাষার ছবিতে অভিনয়ের সুযোগ পান হার্ডি। ‘বালা’ এবং ‘গু়ড নিউজ়’ নামের হিন্দি ছবির গানের দৃশ্যে দেখা যায় তাঁকে। গায়কের পাশাপাশি অভিনেতা হিসাবেও বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেন হার্ডি।

১২ ১৬

২০২১ সালে কবীর খানের পরিচালনায় মুক্তি পায় ‘৮৩’। এই ছবিতে ভারতের প্রাক্তন অলরাউন্ডার মদনলালের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন হার্ডি। পরের বছর ‘কোড নেম তিরঙ্গা’ ছবিতে পরিণীতি চোপড়ার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

১৩ ১৬

২০২১-’২২ সালের ঘটনা। বিয়ের একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন হার্ডি। সেই সময় এক মধ্যবয়স্কা মহিলা মঞ্চে ওঠার জন্য জেদ করতে থাকেন। হার্ডি তাঁকে মঞ্চে ওঠার অনুমতি দিলে তিনি প্রথমে গানের তালে নাচ করতে শুরু করেন। তার পর হঠাৎ করে গায়ককে জড়িয়ে ধরে তাঁর কান অদ্ভুত ভাবে চাটতে শুরু করেন।

১৪ ১৬

মঞ্চে শারীরিক হেনস্থার শিকার হওয়া প্রসঙ্গে হার্ডি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘যদি একই কাজ কোনও পুরুষ একজন মহিলা শিল্পীর সঙ্গে করতেন, তবে তা বিশাল অপরাধ হিসাবে গণ্য হত। কিন্তু পুরুষ হিসাবে আমায় এমন পরিস্থিতির শিকার হয়েও মুখ বুজে সহ্য করতে হয়েছে।’’

১৫ ১৬

২০২১ সালে দীর্ঘকালীন প্রেমিকা জ়েনিথকে বিয়ে করেন হার্ডি। পেশায় মডেল এবং নেটপ্রভাবী জ়েনিথ। বিয়ের এক বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে দ্বিতীয় সন্তানের জন্ম দেন জ়েনিথ। বর্তমানে কেরিয়ার, স্ত্রী এবং দুই সন্তানের সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন হার্ডি।

১৬ ১৬

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন হার্ডি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৭১ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement