গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বাঙালিরা যেমন নানা রান্নায় কাঁচা আমের ব্যবহার করেন, ঠিক তেমনই আরবসাগরের তীরে কোঙ্কন উপকূলেও কাঁচা আমের ব্যবহার রয়েছে। কাঁচা আম দিয়ে মহারাষ্ট্র এবং গোয়ায় মাংসের রান্নাও হয়। কোঙ্কন উপকূলের সেই রান্নার নাম কোঙ্কনি কৈরি মুর্গ। কৈরি মানে কাঁচা আম আর মুর্গ হল মুরগির মাংস। তবে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের এই রান্নাটি কোঙ্কনিদের মতোই বাঙালিরও রসনাতৃপ্ত করতে পারে। কী ভাবে বানাবেন? জেনে নিন।
কী ভাবে বানাবেন?
উপকরণ:
১ কেজি মুরগির মাংস হাড় সমেত বড় টুকরোয় কাটা
২টি মাঝারি মাপের কাঁচা আম
২টি গোটা রসুন
৬-৭টি কাঁচা লঙ্কা (ঝালের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিন)
২টি মাঝারি পেঁয়াজ জিরি জিরি করে কাটা
১ গাঁট মাপের আদার টুকরো করে কেটে নেওয়া
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ গোলমরিচ
১ চা চামচ হলুদ গুঁড়ো
১-২ টেবিল চামচ সর্ষের তেল (ম্যারিনেশনের জন্য)
২-৩ টেবিল চামচ সর্ষের তেল (রান্নার জন্য)
১ টেবিল চামচ কাসুন্দি বা সর্ষে বাটা
১টি বড় দারচিনির টুকরো
২-৩টি ছোট এলাচ
৫-৬টি লবঙ্গ
৫-৬ দানা গোটা গোলমরিচ
স্বাদ মতো নুন
২-৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
প্রণালী: প্রথমে একটা শিকে গেঁথে আম, গোটা রসুন আর লঙ্কা সমান ভাবে পুড়িয়ে নিতে হবে।
তার পরে পোড়ানো রসুনের কোয়া ছাড়িয়ে নিন, আম কেটে তার শাঁস বার করে নিন, লঙ্কা, আদা, কাঁচা জিরে, গোলমরিচ দিয়ে সব কিছু এক সঙ্গে মিহি ভাবে বেটে নিন।
ওই বাটা মশলায় একে একে মেশান নুন, হলুদগুঁড়ো, কাসুন্দি আর সর্ষের তেল। এই মিশ্রণ দিয়েই মাংস মাখিয়ে রাখতে হবে। ৪০-৫০ মিনিট পর্যন্ত মাংস ম্যারিনেট করে রেখে দিন।
এ বার কড়াই বা প্যানে সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজ লাল করে ভেজে নিন। তার পরে মশলায় মাখানো মাংসের টুকরো দিয়ে এবং ম্যারিনেশনের বাকি মশলা দিয়ে ১৫-২০ মিনিট পর্যন্ত মাংস মশলায় কষাতে হবে।
মাংস ঢাকা দিয়ে একটি অন্য পাত্রে দেড় কাপ গরম জলে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন।
মাংসের মশলায় তেল ছেড়ে এলে ওর মধ্যে ঢেলে দিন গরম মশলায় ভেজানো গরম জল। নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দিন। যতটা ঝোল রাখতে চান, বুঝে আঁচ বন্ধ করুন।
উপরে তাজা ধনেপাতার কুচি ছড়িয়ে ঢেকে রেখে দিন মিনিট পাঁচেক। তার পরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।