Gondhoraj Mete Recipe

চচ্চড়ি তো অনেক খেয়েছেন, এ বার স্বাদ বদলাতে বানিয়ে নিন গন্ধরাজ মেটে, স্বাদে-সুবাসে জুড়োবে প্রাণ

গ্রীষ্মে লেবুর সুবাস আনবে সতেজতার ছোঁয়া। অন্য দিকে, সুস্বাদু, ঝাল ঝাল মেটে স্বাদকোরকের যত্ন নেবে। এই দুয়ের যুগলবন্দিতে তৈরি রান্না পরিবেশন করতে পারেন অতিথিদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ২০:৫৬
Share:

গন্ধরাজ লেবুর রস দিয়ে মেটে রান্না। ছবি: এআই সহায়তায় প্রণীত।

মেটে দিয়ে চচ্চড়ি খাওয়ার চল রয়েছে ঘরে ঘরে। কিন্তু এ বার গন্ধরাজ লেবুর গন্ধে ভরা মেটের তরকারি রেঁধে দেখুন। গ্রীষ্মে লেবুর সুবাস আনবে সতেজতার ছোঁয়া, অন্য দিকে সুস্বাদু, ঝাল ঝাল মেটে স্বাদকোরকের যত্ন নেবে। এই দুয়ের যুগলবন্দিতে তৈরি রান্না পরিবেশন করতে পারেন অতিথিদেরও। রইল তার রন্ধনপ্রণালী।

Advertisement

উপকরণ

১ চা চামচ গন্ধরাজ লেবুর রস

Advertisement

এক চিমটে গন্ধরাজ লেবুর খোসার নির্যাস বা জ়েস্ট

২৫০ গ্রাম মেটে

৩ টেবিল চামচ সর্ষের তেল

২টি মাঝারি আকারের পেঁয়াজ (বেরেস্তার মতো কাটা)

২ চা চামচ রসুনবাটা

দেড় চা চামচ আদাবাটা

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

এক চিমটে গোটা গোলমরিচ

১ চামচ চিনি

এক চিমটে এলাচ আর দারচিনির গুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী

প্রথমেই মেটের টুকরোগুলিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ১৫-২০ মিনিট। ম্যারিনেশনের জন্য আধ চা চামচ রসুনবাটা, আধ চামচ আদাবাটা নুন, হলুদ এবং গোলমরিচের প্রয়োজন।

অন্য দিকে, একটি কড়াইয়ে অল্প তেল গরম তাতে পেয়াঁজ ভেজে নিতে হবে বেরেস্তার মতো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তাতে ১ চামচ আদাবাটা, ২ চামচ রসুনবাটা, গোটা গোলমরিচ এবং খুব সামান্য জল মিশিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মেটে ঢেলে দিন কড়াইয়ে। প্রয়োজন মতো নুন দিয়ে দিতে পারেন। সঙ্গে চিনি দিতে হবে রঙের জন্য। মাঝারি আঁচে ঢাকা দিয়ে রেখে দিন ১৫ মিনিট।

এর পর তেল ছা়ড়তে শুরু করলে গন্ধরাজ লেবুর রস ও লেবুর জ়েস্ট মিশিয়ে দিতে হবে কড়াইয়ে। শেষে থেতো করা এলাচ আর দারচিনি মিশিয়ে দিতে হবে উপরে। নাড়াচাড়া করে অল্প রান্না করে নিতে হবে। পরিবেশনের সময়ে মেটের উপর আরও খানিকটা গন্ধরাজ লেবুর জ়েস্ট ছ়়ড়িয়ে দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement