Chhana Potol recipe

পটল দেখেই নাক সিঁটকান? ছানা দিয়ে বানিয়ে নিন কালিয়া, ভাত হোক বা রুটি, জমে যাবে ভোজ

বানিয়ে ফেলুন ছানা-পটলের কালিয়া। মিষ্টি, টক, ঝাল— সব স্বাদের মিশেলেই সহজে বানিয়ে নিতে পারবেন এই পদটি। অতিথি আপ্যায়নের জন্যও একেবারে নতুন ধরনের রান্না এটি। রইল প্রস্তুতপ্রণালী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:৩৯
Share:

নিরামিষ ছানা পটলের কালিয়া রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

দিনভর বৃষ্টি। রাতে বা দুপুরে ঝাল ঝাল খাবার খেতে মন চায়। ভাত, রুটি, পরোটা বা পোলাও, সবের সঙ্গেই দুর্দান্ত সঙ্গত দিতে পারে, এমন পদের সন্ধান করছেন? তা হলে বানিয়ে ফেলুন নিরামিষ ছানা-পটলের কালিয়া। মিষ্টি, টক, ঝাল— সব স্বাদের মিশেলেই সহজে বানিয়ে নিতে পারবেন এই পদটি। অতিথি আপ্যায়নের জন্যও একেবারে নতুন ধরনের রান্না এটি। রইল প্রস্তুতপ্রণালী।

Advertisement

উপকরণ

১০টি পটল

Advertisement

১ চা চামচ হলুদগুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

এক চিমটে লঙ্কাগুঁড়ো

আধ টেবিল চামচ ধনেগুঁড়ো

আধ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ টেবিল চামচ কাশ্মিরী লাল লঙ্কাগুঁড়ো

২ টেবিল চামচ সাদা তেল

১ চা চামচ গোটাজিরে

২টি তেজপাতা

এক টুকরো দারচিনি

২টি ছোট এলাচ

১টি চিরে রাখা শুকনো লঙ্কা

১ চা চামচ চিনি

১০টি কাজুবাদামবাটা

২ টেবিল চামচ ফেটানো টক দই

১০০ গ্রাম ছানা

১ গ্লাস গরম জল

আধ চামচ নুন

প্রণালী

প্রথমেই পটলগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। পুরোটা নয়, অর্ধেক খোসা রেখে বাকিটুকু ছাড়িয়ে নিতে হবে। তার পর দুই প্রান্ত অল্প একটু চিরে নিতে হবে, যাতে রান্নার সময়ে মশলা সব্জির ভিতরে প্রবেশ করতে পারে। এ বার নুন আর এক চিমটে হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে পটলগুলি।

অন্য দিকে মশলা তৈরি করে রাখতে হবে। একটি পাত্রে আদাবাটা, এক চিমটে হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মিরী লাল লঙ্কাগুঁড়ো, অল্প জল দিয়ে ভাল করে একটি পাত্রে মিশিয়ে নিতে হবে।

এ বার বড় কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে পটলগুলি ভেজে নিতে হবে। হালকা লাল রং ধরলে কড়াই থেকে তুলে রাখুন।

ওই কড়াইতেই জিরে, শুকনোলঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। ঢিমে আঁচে ৩০ সেকেন্ড ভেজে নিয়ে বানিয়ে রাখা মশলার মিশ্রণ ঢেলে দিতে হবে তাতে। মাঝারি আঁচে মশলা কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে নুন, চিনি, কাজুবাদামবাটা ঢেলে দিতে হবে কড়াইয়ে। ২ মিনিট একনাগাড়ে নাড়াচাড়া করা দরকার, নয়তো কড়াইয়ের নীচে লেগে যেতে পারে মশলা।

মিনিট দুয়েক পর তাতে টক দই মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। ঢিমে আঁচে মশলা কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে এ বার ছানাটুকু মিশিয়ে দিতে হবে কড়াইয়ে। ছানার বদলে পনিরও ব্যবহার করা যেতে পারে। তবে আগে থেকে গ্রেট করে রাখতে হবে।

মশলা থেকে তেল ছাড়ার পর ভেজে রাখা পটল মিশিয়ে দিতে হবে কড়াইয়ে। শেষে এক গ্লাস গরম জল দিয়ে ফোটাতে হবে। চাইলে এ সময়ে কাঁচালঙ্কাও দিতে পারেন কড়াইয়ে। এ বার ঢাকা দিয়ে মিনিট তিনেক ঢিমে আঁচে রান্না হতে দিন। তৈরি হয়ে যাবে ছানা-পটলের কালিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement