চাটনি পোলাওয়ের রেসিপি। ছবি: এআই সহায়তায় প্রণীত।
রোজের সাদা ভাত বা সাধারণ পোলাওয়ে একঘেয়েমি ধরে গিয়েছে? তা হলে বানিয়ে নিতে পারেন এমন এক পোলাও, যাতে মিশে যেতে পারে একটু টক-ঝাল স্বাদ, সবুজের ঘ্রাণ আর নতুন এক চেহারা। চাটনি পোলাও চেখে দেখেছেন কখনও? অরুচি কাটানোর জন্য উপযুক্ত এই পদটি। ধনেপাতা আর পুদিনার চাটনির সঙ্গে ভাতের মেলবন্ধনে তৈরি হতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর এক রান্না। কয়েকটি সাধারণ উপকরণেই তৈরি করে ফেলুন নতুন স্বাদের গল্প।
চাটনি পোলাওয়ের রেসিপি শিখে নিন—
উপকরণ
পোলাওয়ের জন্য
৫ টেবিল চামচ ঘি বা তেল
১ কাপ বাসমতী চাল
৩টি কালো এলাচ
১ চা চামচ জিরে
২ টেবিল চামচ কুচোনো রসুন
১টি তেজপাতা
১ কাপ কুচোনো পেঁয়াজ
২ কাপ জল
স্বাদমতো নুন
চাটনির জন্য
৩ কাপ ধনেপাতা (কুচোনো)
১ কাপ পুদিনাপাতা (কুচোনো)
২ টেবিল চামচ আদা (কুচোনো)
১ চা চামচ সৈন্ধব লবণ
৪ টেবিল চামচ লেবুর রস
১টি টম্যাটো (কুচোনো)
১টি ছোট পেঁয়াজ (কুচোনো)
২ চা চামচ জিরেগুঁড়ো
৬ কোয়া রসুন (কুচোনো)
স্বাদমতো কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
ফোড়নের জন্য
হিং
মাখন
প্রণালী
প্রথমে পোলাও বানাতে হবে। তার জন্য একটি কড়াইয়ে ঘি বা তেল গরম করে তাতে কুচোনো পেঁয়াজ ও রসুন দিন। এতে কালো এলাচ, জিরে, তেজপাতা এবং নুন মিশিয়ে দিন। অল্প জল ঢেলে কড়াইয়ে নাড়াচাড়া করে নিন। জল ফুটতে শুরু করলে তাতে বাসমতী চাল ঢেলে দিন। মাঝারি আঁচে রেখে কড়াই ঢাকা দিয়ে দিন। ১৫-২০ মিনিট সেদ্ধ করে নিন।
চাল সেদ্ধ হওয়ার সময়ে অন্য দিকে চাটনি প্রস্তুত করে নিন। মিক্সিতে ধনেপাতা, পুদিনা, আদা, রসুন, পেঁয়াজ, টম্যাটো, লেবুর রস, সৈন্ধব লবণ এবং নুন দিয়ে মিহি করে বেটে নিন। প্রয়োজন হলে অল্প জলও দিন। এ বার অন্য একটি ছোট কড়াই নিয়ে চাটনির ফোড়নের বন্দোবস্ত করুন। অল্প মাখন গরম করে তাতে হিং দিন। এ বার চাটনিটুকু তাতে ঢেলে নাড়াচাড়া করে নিন।
তার পর চাটনির কড়াইয়েই রান্না করা ভাত মিশিয়ে দিন ভাল ভাবে। যেন চালের প্রতিটি দানায় চাটনি মাখা থাকে। উপরে ধনেপাতা ও আদাকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।