চিংড়ির সুগন্ধি পোলাও। ছবি: সংগৃহীত।
জামাই চিংড়ি খেতে ভালবাসেন? ষষ্ঠী উপলক্ষে চিংড়ির মালাইকারি থেকে চিংড়ির পকোড়া— সবই বানাচ্ছেন? সঙ্গে বানিয়ে ফেলতে পারেন গন্ধরাজ চিংড়ি পোলাও। খুব সামান্য উপকরণ দিয়ে সুগন্ধি এই পোলাওটি চটজলদি বানিয়ে ফেলা যেতে পারে। জেনে নিন, রন্ধন প্রণালী।
উপকরণ:
৩০০ গ্রাম ছোট চিংড়ি মাছ (খোসা ছাড়ানো)
দেড় টেবিল চামচ রসুনকুচি
৮-১০টি গন্ধরাজ লেবুর পাতা কুচি
২৫০ গ্রাম বাসমতী চাল (সেদ্ধ করা)
স্বাদ মতো নুন, চিনি
পরিমাণ মতো সাদা তেল
১টি গন্ধরাজ লেবুর রস
২-৩ টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রণালী:
ননস্টিক পাত্রে তেল গরম করে রসুনকুচি ফোড়ন দিন। রসুন হালকা লালচে হয়ে এলে গন্ধরাজ লেবুর পাতাকুচি নিয়ে নাড়াচাড়া করুন। এ বার চিংড়িমাছ দিয়ে খানিক ক্ষণ ভেজে নিন। সেদ্ধ করে করা ঝরঝরে বাসমতী চালের ভাত ভাল করে মিশিয়ে নিন। স্বাদমতো নুন, চিনি দিন। পোলাও ঝরঝরে হয়ে গেলে শেষে লেবুর রস আর ধনেপাতাকুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ চিংড়ি পোলাও।