সেদ্ধ ডিমের ডেসার্ট। ছবি: সংগৃহীত।
সুস্থ থেকে ওজন কমাতে হলে সারা দিনের খাবারে প্রোটিন জাতীয় খাবার বেশি করে রাখা জরুরি। আর সেই পন্থা কার্যকরও বটে। পেশির গঠনের প্রধান উপাদান প্রোটিন। শরীর পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির গঠন ভাল হওয়া সম্ভব নয়। তবে ওজন কমানোর জন্য এটি জরুরি দু’টি কারণে। প্রথমত, প্রোটিন খেলে শরীরের ক্যালোরি ঝরানোর ক্ষমতা বা ‘থার্মিক এফেক্ট’ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, প্রোটিন হজম হতে বেশি শক্তি লাগে এবং পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখে।
ওজন ঝরানোর ডায়েট শুরু করলে সবার আগে মিষ্টি খাওয়া বাদ হয়ে যায়। তবে যদি প্রোটিনে ভরপুর এমন একটি ডেসার্ট বানানো যায়, যা ওজন ঝরানোর ডায়েটেও নিশ্চিন্তে রাখতে পারেন, তা হলে কেমন হয়? রইল চকোলেট মুজ়ের রেসিপি, যা খেলে ওজন মোটেও বাড়বে না।
উপকরণ:
৪টি সেদ্ধ ডিম
২-৩ টেবিল চামচ কোকো পাউডার
আধ কাপ লো ফ্যাট দুধ
২ টেবিল চামচ মধু
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
প্রণালী:
সব ক’টি উপকরণ মিক্সারে দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে উপর থেকে ছড়িয়ে দিন বেশ খানিকটা কোকো পাউডার। পাত্রটি ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। বিকেলে হালকা খিদে পেলে এই মুজ়টি খেতেই পারেন। উচ্চ প্রোটিনযুক্ত এই মুজ় কিন্তু কেবল গুণেই নয়, স্বাদেও ভাল।