Easy to Make Paneer Recipes

অফিস থেকে বাড়ি ফিরে রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? ১০ মিনিটে রেঁধে ফেলুন পনির মখমলি

স্বাদবদলে মূল উপকরণ নয়, বদলে ফেলুন রন্ধনপ্রণালী। পনিরের কোর্মা, ভাপা, মালাইকারি বানিয়ে থাকলে এ বার রেঁধে ফেলুন পনির মখমলি। চটজলদি রান্না, ঝক্কিও তেমন নেই। তবে ঠিকঠাক রাঁধতে পারলে চেটেপুটে খাবেন সবাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২০:০২
Share:

পনিরে ঘটুক স্বাদবদল। ছবি: সংগৃহীত।

নিরামিষের দিনে বাঙালি বাড়িতে পনিরই ভরসা। সপ্তাহে অন্য দিনগুলিতে মাছ-মাংস ছাড়া আর কিছু না খেলেও নিরামিষের দিনে প্রোটিনের ঘাটতি মেটাতে পনিরই বেছে নেন অনেকে। তবে রোজ পনিরের কষা কিংবা চিলি পনির খেলে অরুচি আসবেই। তাই স্বাদবদলে মূল উপকরণ নয়, বদলে ফেলুন রন্ধনপ্রণালী। পনিরের কোর্মা, ভাপা, মালাইকারি আর ভাল না লাগলে এ বার রেঁধে ফেলুন পনির মখমলি। হাতে সময় কম থাকলে এই পদটি বানিয়ে ফেলুন। তৈরি হয়ে যাবে মাত্র ১০ মিনিটে। চটজলদি রান্না, ঝক্কিও তেমন নেই। তবে ঠিকঠাক রাঁধতে পারলে চেটেপুটে খাবেন সবাই।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম পনির

Advertisement

আধ কাপ দই

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ চা চামচ গরমমশলাগুঁড়ো

২ চা চামচ গোলমরিচগুঁড়ো

২ টেবিল চামচ লেবুর রস

আধ চা চামচ লেবুর খোসা

স্বাদমতো নুন, চিনি

২ টেবিল চামচ সাদা তেল

আধ চা চামচ গোটা জিরে

৮-১০টি গোটা গোলমরিচ

৩টি এলাচ

১ টুকরো দারচিনি

৩টি লবঙ্গ

১ টি তেজপাতা

২টি চেরা কাঁচালঙ্কা

১ মুঠো ধনেপাতাকুচি

আধ চা চামচ মাখন

প্রণালী:

পনির টুকরো করে কেটে নিন। পনিরের সঙ্গে দই, আদা-রসুন বাটা, গরমমশলাগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, লেবুর রস, লেবুর খোসা আর নুন ভাল করে মাখিয়ে নিন। হাতে সময় থাকলে মিনিট ২০ পনিরের এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিতে পারেন। এ বার কড়াইতে তেল গরম করে সব রকম গোটা মশলা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে মেখে রাখা পনির কড়াইয়ে ঢেলে দিন। মিশ্রণটি নাড়াচাড়া করে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। রান্নার শেষে অল্প চিনি, গোলমরিচগুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, মাখন আর ধনেপাতাকুচি ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে য়াবে পনির মখমলি। পোলাও, ফ্রায়েড রাইস বা পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই দারুণ খেতে লাগবে এই পদটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement