রাস্তার ধারের দোকানগুলিতে ব্যবহার করা হয় এক বিশেষ চাটমশলা। ছবি: সংগৃহীত।
চাট মশলা এমন একটা জিনিস যা যে কোনও রান্নার স্বাদ নিমেষে বদলে দিতে পারে। স্যালাড, ঘোল, লস্যি, তরকারি, চাট, এমনকি কিছু কিছু ডালেও ব্যবহার করা হয় এই মশলা। আমরা বেশির ভাগ সময়ে বাজার থেকেই কিনে আনি এই ধরনের মশলা। তবে কেনা চাটমশলায় সেই স্বাদ আসে না। রাস্তার ধারে বিক্রি হওয়া পাপড়ি চাট, ফুচকা, আলুকাবলি, ঝালমুড়িতে যে চাট মশলা ব্যবহার করা হয়, তা একটু কালচে ধরনের হয়। কী ভাবে বাড়িতেই তৈরি করে নেবেন সেই রকম স্বাদের চাট মশলা, তা শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদুড়িয়া।
উপকরণ:
১ মুঠো পুদিনা পাতা
১/২ কাপ জিরে
১/৬ কাপ গোটা ধনে
১/৪ কাপ আমচুর
১/৮ কাপ বিট নুন
আধ চা চামচ সাইট্রিক অ্যাসিড ক্রিসটাল
১/৮ কাপ গোলমরিচ
৪টি শুকনো লঙ্কা
১ চা চামচ জোয়ান
১/৮ কাপ সাধারণ নুন
২ টি পিপলি
প্রণালী:
প্রথমে শুকনো তাওয়ায় পুদিনা পাতাগুলি ভাল করে সেঁকে নিন বাদামি হওয়া পর্যন্ত। এ বার জিরেও আলাদা করে ভেজে নিন যত ক্ষণ না সুবাস আসছে। এ বার তাওয়ায় গোলমরিচ, ধনে, পিপলি, জোয়ান, শুকনো লঙ্কা এক সঙ্গে সেঁকে নিন কিছু ক্ষণ। সব শেষে বিটনুনও সেঁকে নিতে হবে। এ বার সব মশলাগুলি একসঙ্গে মিক্সিতে নিয়ে তার সঙ্গে আমচুর আর সাইট্রিক অ্যাসিড মিশিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো চাটমশলা।