Six-Planet alignment

আকাশে কুচকাওয়াজ করবে ছ’টি গ্রহ! ফেব্রুয়ারির শেষে সেই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবে গোটা পৃথিবীই

নাসা বলছে, সন্ধ্যার পরে মাঝেমধ্যেই একসঙ্গে দু’টি বা তিনটি গ্রহের দেখা মেলে। এক সঙ্গে চার থেকে পাঁচটি গ্রহকে একই সারিতে খালি চোখে দেখতে পাওয়াও বিরল নয়। কয়েক বছর অন্তর সেই দৃশ্য দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

ফেব্রুয়ারির শেষে আকাশে সারিবদ্ধ ভাবে থাকবে ছ’টি গ্রহ। খালি চোখেই দেখা যাবে তাদের। এই মহাজাগতিক দৃশ্যকে বলে ‘গ্রহদের প্যারেড বা কুচকাওয়াজ’।

Advertisement

আকাশে একাধিক গ্রহ যখন একটি পঙ্‌ক্তিতে এসে দাঁড়ায়, তখন দেখা যায় এই প্যারেড। ওই গ্রহেরা সরলরেখায় থাকে না। তবে সূর্যের এক দিকে থাকে। তাই দেখে মনে হয় যেন একটি পঙ্‌ক্তিতে দাঁড়িয়ে রয়েছে।

নাসা বলছে, সন্ধ্যার পরে মাঝেমধ্যেই এক সঙ্গে দু’টি বা তিনটি গ্রহের দেখা মেলে। এক সঙ্গে চার থেকে পাঁচটি গ্রহকে একই সারিতে খালি চোখে দেখতে পাওয়াও বিরল নয়। কয়েক বছর অন্তর সেই দৃশ্য দেখা যায়। গত বছরও ছ’টি গ্রহকে সারিবদ্ধ ভাবে দেখা গিয়েছিল।

Advertisement

কবে দেখা যাবে?

শনিবার বুধ, শুক্র, বৃহস্পতি, শনিকে একই সারিতে খালি চোখে দেখা যাবে। অবশ্য যদি আকাশ পরিষ্কার থাকে। আর দূরবিন বা টেলিস্কোপে চোখ রাখলে সেই সঙ্গে সারিতে দেখা যাবে ইউরেনাস, নেপচুনকেও।

Advertisement

কখন দেখতে হবে?

সূর্যাস্তের এক ঘণ্টা পরে উঁচু কোনও জায়গা থেকে আকাশে চোখ রাখতে হবে। পশ্চিম আকাশে দিগন্তরেখার কাছে দেখা যাবে বুধ, শুক্র এবং শনিকে। আরও কিছুটা উপরে থাকবে বৃহস্পতি, তার কাছে ইউরেনাস এবং নেপচুন। কলকাতা-সহ এ রাজ্য থেকেও দেখা যাবে সেই দৃশ্য।

কী ভাবে বোঝা যাবে গ্রহদের সারি?

কানাডার বিজ্ঞানী সারা মাজরুয়েই জানিয়েছেন, আকাশে যা দপদপ করে, ঝিকমিক করে, তা হল তারা বা নক্ষত্র। যদি স্থির হয়ে জ্বলে, তা হলে তা গ্রহ। শনিবারের পরে রবিবারও দেখা যাবে গ্রহদের সেই প্যারেড। তার পরে বুধ ধীরে ধীরে দিগন্তরেখার নীচে নামতে থাকবে। ক্রমে অদৃশ্য হয়ে যাবে। ক্রমে রাতে খালি চোখে যে কোনও একটি গ্রহই দেখা যাবে আকাশে। যেমন সারা বছর দেখা যায়।

নেপথ্য কারণ কী?

বিজ্ঞানীরা বলছেন, একসঙ্গে এতগুলো গ্রহকে সারিবদ্ধ ভাবে দেখতে পাওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। সূর্যাস্তের পরে আকাশে বেশ কিছু ক্ষণ তাকিয়ে থাকলে কোনও না কোনও গ্রহ রোজই চোখে পড়বে।

বিজ্ঞানীরা মনে করেন, সূর্য তৈরি হয়ে যাওয়ার পরে যতটুকু গ্যাস, ধুলোর মতো উপাদান পড়ে ছিল, তা দিয়েই তার চারপাশে তৈরি হয় একটি ডিস্ক। সেই ডিস্ক থেকে একে একে তৈরি হয় গ্রহ এবং তাদের উপগ্রহ। সে কারণে সবক’টি গ্রহ একই তলে সূর্যকে প্রদক্ষিণ করে চলে।

যারা নিয়মিত আকাশ দেখেন, তারা সূর্যের একটি কাল্পনিক বার্ষিক পরিক্রমণ পথ দেখতে পাবেন। সেই পথের কাছেই দেখা যায় সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহদের। সূর্যের ওই বার্ষিক পরিক্রমণ পথ কিন্তু সরলরৈখিক নয়, কিছুটা বক্রাকার। সে কারণে আকাশে যখন একাধিক গ্রহ দেখা যায়, তখন তাদের অবস্থান হয় এই বক্র পরিক্রমণ পথ ঘেঁষে। সে কারণে দেখে মনে হয় সারিবদ্ধ ভাবে রয়েছে বা প্যারেড করছে। শনিবার সেই দৃশ্যই দেখা যাবে পৃথিবী থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement