Wimbledon 2026

লড়াই করে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জ়েরেভ, জিতলেন ফ্রিৎজ়, শিয়নটেক, রাইবাকিনা, প্রথম ম্যাচেই হার শেলটনের

প্রত্যাশা মতোই উইম্বলডনের প্রথম রাউন্ডে জয় পেলেন বাছাই খেলোয়াড়েরা। তবে হেরে গেলেন পুরুষদের দশম বাছাই বেন শেলটন। লড়াই করতে হল ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার জ়েরেভকেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২৩:৪৮
Share:

আলেকজান্ডার জ়েরেভ। ছবি: রয়টার্স।

উইম্বলডনে অঘটন। প্রথম রাউন্ডে হেরে গেলেন পুরুষ সিঙ্গলসে চতুর্থ বাছাই বেন শেলটন। জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন অ্যালেক্স ডি মিনাউর, টেলর ফ্রিৎজ়, আলেকজান্ডার বুবলিকের মতো বাছাই খেলোয়াড়েরাও। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এলিনা রাইবাকিনা, ইগা শিয়নটেকেরা।

Advertisement

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই হার শেলটনের। তাঁকে হারিয়ে দিলেন ফিনল্যান্ডের অবাছাই খেলোয়াড় ওট্টো ভির্টানেন। পাঁচ সেটের লড়াইয়ে ফিনিস খেলোয়াড়ের পক্ষে ফল ৬-৪, ৩-৬, ৬-৭ (৮-১০), ৬-২, ৭-৬ (১১-৯)। প্রথম রাউন্ডে লড়াই করে জিততে হল ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জ়েরেভকেও। জার্মান তারকা বেলজিয়ামের অবাছাই খেলোয়াড় আলেকজান্ডার ব্লক্সকে হাড্ডাহাড্ডি ম্যাচে জ়েরেভ হারালেন ৬-৪, ৬-৭ (৮-১০), ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-০) ব্যবধানে।

সহজ জয় পেয়েছেন পঞ্চম বাছাই মিনাউর। তিনি ৭-৬ (৭-৫), ৬-১, ৬-০ ব্যবধানে হারিয়েছেন আর্জেন্টিনার রোমান আন্দ্রেস বুরুচাগাকে। ষষ্ঠ বাছাই ফ্রিৎজ় ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ার অবাছাই খেলোয়াড় ডুসান লাজোভিচকে। জয় পেয়েছেন দশম বাছাই বুবলিকও। তবে তাঁকে পাঁচ সেট লড়তে হল। অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে কাজ়াখস্তানের তারকা হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৭ (১০-১২), ৬-৩, ৬-৪ ব্যবধানে।

Advertisement

মহিলাদের তৃতীয় বাছাই শিয়নটেক জিতলেন ৬-১, ২-৬, ৬-৩ ব্যবধানে। তিনি হারিয়েছেন আমেরিকার অবাছাই খেলোয়াড় টেলর টাউনসেন্ডকে। এক সেট হারিয়ে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই রাইবাকিনাও। তিনি ৬-৪, ১-৬, ৬-৩ ব্যবধানে জিতেছেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় লইস বইসনের বিরুদ্ধে। তবে হেরে গিয়েছেন অষ্টম বাছাই ইউক্রেনের এলিনা ভিটোলিনা। তাঁকে ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়েছেন তারই দেশের অবাছাই খেলোয়াড় ডারিয়া স্নিগুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement