ICC T20 World Cup 2026

এক নম্বর ব্যাটারকে তুই কী পরামর্শ দিবি! তিন শূন্য করা অভিষেককে বিশ্বকাপের আগে সাহায্য করতে গিয়ে শুনতে হয়েছিল শুভমনকে

অভিষেক শর্মা এবং শুভমন গিল যুবরাজ সিংহের ছাত্র। অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে একসঙ্গে খেলছেন। একসঙ্গে থাকলে দু’জনে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৭:১৯
Share:

(বাঁ দিকে) অভিষেক শর্মা এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেক শর্মাকে পরামর্শ দিতে চেয়েছিলেন শুভমন গিল। প্রিয় বন্ধুর কথা শুনে মজা করে তাঁকে উপহাস করেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সেই শুভমনেরই দ্বারস্থ হতে হয় তাঁকে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘নমন অ্যাওয়ার্ডস’-এ অভিষেক জানিয়েছেন শুভমনের পরামর্শ চাওয়ার বিষয়টি। দু’জনেই পঞ্জাবের ক্রিকেটার। দু’জনেই যুবরাজ সিংহের ছাত্র। অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে একসঙ্গে খেলছেন। দিনে দিনে তাঁদের বন্ধুত্ব গভীর হয়েছে। একসঙ্গে থাকলে দু’জনে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকেন। তেমনই এক মজার গল্প শুনিয়েছেন অভিষেক।

ভারতের তরুণ ওপেনার বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুভমন আমাকে পরামর্শ দিতে এসেছিল। হাসতে হাসতে ওকে বলেছিলাম, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকে তুই পরামর্শ দিবি!’’

Advertisement

এর পর অভিষেক বলেছেন শুভমনের দ্বারস্থ হওয়ার কথা। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে তিনটে পর পর শূন্য করার পর আমিই আবার শুভমনকে মেসেজ করেছিলাম। ওর ব্যাটটা চেয়েছিলাম। চাইনি আরও বেশি লজ্জার কোনও নজির তৈরি হোক।’’ কঠিন সেই সময় কি বন্ধুকে পাশে পেয়েছিলেন? অভিষেক বলেছেন, ‘‘হ্যাঁ। ও আমাকে বলল, ‘তুই ঠিক পারবি।’’’

অভিষেককে প্রশ্ন করা হয়, আপনার সবচেয়ে প্রিয় ব্যাট কোনটা? সময় নষ্ট না করে তিনি বলেন, ‘‘শুভমনের ব্যাটই আমার সবচেয়ে প্রিয়।’’ এ পর্যন্ত পাশে বসে হাসতে থাকা শুভমন সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘‘আরে ও তো সব সময় আমার ব্যাট নিয়েই খেলে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে ফর্মে ফেরেন অভিষেক। সুপার এইট পর্বে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রান করেন। এর পর ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ২১ বলে ৫২ রানের ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement