India Vs Afghanistan ODI Series

শতরান গুরবাজ়ের! ধর্মশালায় ২৫ ওভারের ম্যাচে ভারতের সামনে ১৯৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

শুরুটা ভাল করেছিল ভারত। দ্রুত ৩ উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের। সেখান থেকে দলের ইনিংস টানলেন রহমানুল্লা গুরবাজ়। শতরান করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:০০
Share:

শতরানের পর উল্লাস রহমানুল্লা গুরবাজ়ের। ছবি: পিটিআই।

রহমানুল্লা গুরবাজ়কে আটকাতে সমস্যায় পড়লেন ভারতীয় বোলারেরা। ধর্মশালায় প্রথম এক দিনের ম্যাচে মাত্র ৪৮ বলে শতরান করলেন তিনি। তাঁর ব্যাটে ২৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৪ রান করল আফগানিস্তান।

Advertisement

বৃষ্টির জেরে বেশ কিছু ক্ষণ পরে খেলা শুরু হয়। ফলে ৫০ ওভারের ম্যাচ কমে ২৫ ওভার করে হয়। গুরুত্বপূর্ণ টস জেতেন শুভমন গিল। এই ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হল গুর্নুর ব্রার ও হর্ষ দুবের। দু’জনেই নজর কাড়লেন। নিজের প্রথম ওভারেই ইব্রাহিম জ়াদরানকে আউট করলেন গুর্নুর। রান পাননি সেদিকুল্লা অটল ও রহমত শাহ। দু’জনকেই আউট করেন অর্শদীপ সিংহ। ২৬ রানে ৩ উইকেট পড়ে যায় আফগানিস্তানের।

গুর্নুরের গতি ও লেংথ সমস্যায় ফেলছিল আফগান ব্যাটারদের। ক্রমাগত ১৪০ কিলোমিটারের বেশি প্রতি ঘণ্টায় বল করলেন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা মার শুরু করেন গুরবাজ়। দেখে মনে হচ্ছিল, তিনি অন্য পিচে খেলছেন। তাঁকে আউট করার সুযোগও নষ্ট করে ভারত। এক বার রান আউট হতে হতে বাঁচেন গুরবাজ়। কিন্তু হাত খোলা থামাননি তিনি। গুরবাজ়ের ব্যাটে একটা সময় প্রায় ১০ রান প্রতি ওভারে রান উঠছিল।

Advertisement

হর্ষের বিরুদ্ধে শুরুতে হাত খোলেন গুরবাজ়। ধর্মশালার মাঠ বেশি বড় নয়। এখানে ছক্কা মারাও সুবিধা। সেটা কাজে লাগালেন গুরবাজ়। মাত্র ৪৮ বলে শতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে এটি ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দ্রুততম শতরান। তবে শতরানের পর বেশি ক্ষণ টেকেননি গুরবাজ়। নীতীশ কুমার রেড্ডির বলে ১০২ রানে আউট হন তিনি।

গুরবাজ় বাদে আফগানিস্তানের মাত্র দুই ব্যাটার রান পেয়েছেন। অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি ২৭ ও আজ়মাতুল্লা ওমরজাই ২৬ রান করেন। বাকিরা রান পাননি। দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট পড়তে থাকে। হর্ষ শুরুতে রান দিলেও দ্বিতীয় স্পেলে ভাল বল করেন। শেষ ওভারে দুই উইকেট তুলে আফগানিস্তানের ইনিংস শেষ করে গুর্নুর। ২৪.৫ ওভারে ১৯৪ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। গুর্নুর ও হর্ষ দু’জনেই ৩ করে উইকেট নেন। ২ করে উইকেট নেন অর্শদীপ ও নীতীশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement