purulia sp

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধিতে পুরুলিয়ায় নতুন পন্থা নয়া পুলিশ সুপারের

শুক্রবার পুরুলিয়ায় নতুন পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দিয়েছেন কুমার সানি রাজ। তার পরেই তাঁর নির্দেশে শনিবার থেকেই পুরুলিয়ার সমস্ত থানা এলাকায় একটি ‘স্লিপ’ বিলি করার কাজ শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:২০
Share:

পুরুলিয়ায় নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ। —নিজস্ব চিত্র।

সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও নিবিড় করতে নতুন পন্থা নিল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার পুরুলিয়ায় নতুন পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দিয়েছেন কুমার সানি রাজ। তার পরেই তাঁর নির্দেশে শনিবার থেকেই পুরুলিয়ার সমস্ত থানা এলাকায় একটি ‘স্লিপ’ বিলি করার কাজ শুরু করেছে পুলিশ।

Advertisement

কী আছে ওই স্লিপে?

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্লিপে স্থানীয় থানার ফোন নম্বরের পাশাপাশি থানার আইসি, ওসি এবং জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর দেওয়া থাকছে। যাতে সাধারণ মানুষ যে কোনও সময়ে যে কোনও পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিষেবা পেতে পারেন।

Advertisement

পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘এর ফলে যে কোনও ধরনের ঝামেলা ও অশান্তি যেমন এড়ানো যাবে, তেমনই সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।’’ তিনি আরও বলেন, ‘‘এর মাধ্যমে কোথাও আগুন লাগার খবর যেমন দেওয়া যাবে, তেমনই যে কোনও ধরনের সমস্যার কথাও জানানো যাবে। সমস্যার কথা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিভাগে পৌঁছে দেবেন পুলিশকর্মীরা।’’

জেলার সমস্ত আইসি ও ওসিদের প্রতি দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নিজেদের এলাকায় ঘুরে ঘুরে এই স্লিপ বিলির মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

শনিবার পুলিশের দেওয়া স্লিপ হাতে পেয়ে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকার বাসিন্দা সন্দীপ ওঝা বলেন, ‘‘হাতের কাছে পুলিশের ফোন নম্বর ছিল না। অনেক সময় দরকার হয়। এর ফলে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement