গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বার আয়োজক দেশ হিসাবে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। কিন্তু সেই সিরিজ় খেলতে বিদেশে যেতে হচ্ছে না ভারতকে। দেশের মাটিতেই বিদেশ সফর করবে তারা। সিরিজ়ের তিনটি ম্যাচই হবে দিল্লিতে।
‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি রিপোর্টে এই কথা জানানো হয়েছে। ম্যাচের সূচি এখনও সরকারী ভাবে জানানো না হলেও জানা গিয়েছে, ১৩, ১৬ ও ১৯ সেপ্টেম্বর হবে খেলা। তার আগে ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজ়ের আয়োজক অবশ্য ভারত। সেই সিরিজ় শেষ হওয়ার পরেই আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে দেশ হিসাবে খেলবে গৌতম গম্ভীরের দল।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই অনুরোধ করেছিল। তাদের অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই। ভারত ও আফগান বোর্ডের সম্পর্ক বেশ ভাল। আফগানিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জ়িম্বাবোয়ের মতো আর্থিক ভাবে পিছিয়ে থাকা বোর্ডকেও সাহায্য করেছে ভারত। তাদের দেশে দল পাঠিয়েছে বিসিসিআই।
গত এক দশক ধরে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের হোম সিরিজ় খেলে আফগানিস্তান। ২০১৭ সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় আয়োজন করেছিল তারা। ২০১৮ সালে দেহরাদূনে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে এসেছিল বাংলাদেশ। আবার ২০২৪ সালে গ্রেটার নয়ডায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়।
২৩ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। তার জন্য ২৬ জনের দল জানিয়েছে ভারত। সেখান থেকেই আফগানিস্তান সিরিজ়ের জন্য দল নির্বাচন করা হবে। পরে আবার ওয়েস্ট ইন্ডিজ় সফর রয়েছে ভারতের। সেই সফরের জন্যেও দল নির্বাচন করতে হবে ভারতকে। ফলে এ বারের আইপিএলে নজরকাড়া বেশ কিছু ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হতে পারে আগামী কয়েক মাসে।