Bangladesh Cricket

নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের ক্রীড়া মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

অন্তর্বর্তিকালীন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ড কর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছে তারেক রহমানের সরকার। বিসিবির নির্বাচন ঘিরে অস্বচ্ছতা, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তদন্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সমস্যা শুরু হয়। নিরাপত্তাজনিত সমস্যার কারণ দেখিয়ে ভারতে দল না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর এই সিদ্ধান্ত নিয়েও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন আমিনুল। বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কেন খেলতে পারিনি, আমাদের ক্রীড়া কর্তৃপক্ষের কী ঘাটতি ছিল, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। ইদের পর এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।’’

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়ে আমিনুল বলেছেন, ‘‘আমরা দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি ক্রিকেট ক্লাবের তরফ থেকে অভিযোগ এসেছে। জেলা স্তর থেকেও অভিযোগ পেয়েছি আমরা। সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট খতিয়ে দেখে আইসিসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’’ সরকারের সিদ্ধান্তের জন্য বিসিবি বা বাংলাদেশের ক্রিকেটকে যাতে শাস্তির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন আমিনুল।

Advertisement

আইসিসি সদস্য দেশগুলির ক্রিকেট সংস্থার স্বায়ত্তশাসনে যে কোনও রকম হস্তক্ষেপের বিরোধী। সংস্থার নিয়মবিরুদ্ধ কিছু হলে কড়া পদক্ষেপ করা হতে পারে। যা বাংলাদেশের ক্রিকেট কর্তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement