IPL 2026

আইপিএলে ঘরের মাঠে বেঙ্গালুরুর খেলা এখনও অনিশ্চিত! এক শর্তেই খেলতে পারবেন কোহলিরা

আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তার পরেও ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলা অনিশ্চিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২১:২০
Share:

গত বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামীতে উল্লাস বিরাট কোহলিদের। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই। আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলা অনিশ্চিত। তার জন্য একটি শর্ত মানতে হবে।

Advertisement

আইপিএলের প্রথম দফার সূচি ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “বেঙ্গালুরুতে যে কয়েকটি ম্যাচ দেওয়া হয়েছে তা কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটির অনুমতি পাওয়ার পরেই আয়োজিত হবে। ১৩ মার্চ একটি বৈঠক করবে কমিটি। সেই দিনই চিন্নাস্বামী স্টেডিয়াম খতিয়ে দেখবে তারা। কমিটির সামনে স্টেডিয়াম কর্তৃপক্ষকে দেখাতে হবে, ম্যাচের জন্য কী ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পরেই নিজেদের রিপোর্ট জানাবে তারা।”

যেহেতু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই পুরো সূচি ঘোষণা করা হয়নি। আপাতত ২০ ম্যাচের সূচি ঘোষিত হয়েছে। পরে বাকি সূচি ঘোষণা করা হবে। যে ২০ ম্যাচের সূচি জানানো হয়েছে সেগুলি ১০টি মাঠে হবে। সেগুলি হল— বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, কলকাতা, চেন্নাই, দিল্লি, অহমদাবাদ ও হায়দরাবাদ। তার মধ্যে বেঙ্গালুরুতে খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে।

Advertisement

গত বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশৃঙ্খলা হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। তার পর থেকে চিন্নাস্বামীতে খেলাধুলো বন্ধ রয়েছে। এমনকি, রঞ্জি ট্রফির ফাইনালও সেখানে হয়নি।

এ বার চিন্নাস্বামীতে আইপিএল হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সংস্কার হওয়ার পরে কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটি তা খতিয়ে দেখবে। যদি কমিটি সন্তুষ্ট হয়, তখনই সেখানে আইপিএলের ম্যাচ হবে। অর্থাৎ, সূচি ঘোষণার পরেও আইপিএলে কোহলিদের ঘরের মাঠে খেলা নিয়ে সংশয় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement