ISL 2026

লোবেরার নতুন সহকারী অভ্র, গত বারের হার ভুলে সুনীলদের বিরুদ্ধে ৩ পয়েন্ট চান বাগান কোচ

চলতি আইএসএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিই জিতেছে মোহনবাগান। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চান বাগান কোচ সের্জিয়ো লোবেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:১৫
Share:

সের্জিয়ো লোবেরা। ছবি: এক্স।

ঘরের মাঠে চার ম্যাচ খেলে প্রথম বার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত মরসুমে সুনীল ছেত্রীদের ঘরের মাঠে ০-৩ হেরেছিল বাগান। সেই স্মৃতি মাথায় রাখতে চাইছেন না মোহনবাগানের এ বারের কোচ সের্জিয়ো লোবেরা। তাঁর মাথায় ৩ পয়েন্ট।

Advertisement

চলতি আইএসএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিই জিতেছে মোহনবাগান। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চান বাগান কোচ। বৃহস্পতিবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের পর সাংবাদিক বৈঠকে সেই কথাই জানালেন লোবেরা। গত বার কোচ ছিলেন হোসে মোলিনা। এ বার দায়িত্বে তিনি। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম থেকে তাঁর দল ৩ পয়েন্ট নিয়ে ফিরবে বলেই জানালেন লোবেরা।

প্রতিপক্ষ সমীহ করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ। লোবেরা বলেন, “বেঙ্গালুরু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। ওদের দলে বেশ কিছু ভাল ফুটবলার আছে। পাশাপাশি নিজেদের মাঠেও খেলবে। ওদের হারানো কঠিন। অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের মিস্‌ করব। তবে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য সব ম্যাচ জিততে হবে। ৩ পয়েন্ট নিয়ে ফেরাই আমাদের লক্ষ্য।”

Advertisement

বেঙ্গালুরুর দলে সুনীল থাকলেও আলাদা করে কোনও ফুটবলারকে নিয়ে ভাবতে নারাজ লোবেরা। তাঁর নজরে গোটা দল। লোবেরা বলেন, “অতীত নিয়ে ভাবছি না। ওদের দলে কিছু বদল হয়েছে। তবে শক্তি খুব একটা কমেনি। আগের চার ম্যাচ যে ভাবে খেলেছি, এই ম্যাচটাও সে ভাবেই খেলতে চাই। প্রতিপক্ষ দলের এক বা দু’জন ফুটবলারকে নিয়ে ভাবছি না। পুরো দলকে নিয়েই ভাবছি।”

বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি রবসন রবিনহো। দেখে বোঝা যাচ্ছে, শনিবারের ম্যাচে তিনি খেলবেন না। তাতে সমস্যা নেই বলেই জানিয়েছেন লোবেরা। এই মরসুমে মাঝমাঠে নজর কাড়ছেন অনিরুদ্ধ থাপা। কোচের পাশে বসে তিনি বলেন, “আগের বার কোচের এক রকম পরিকল্পনা ছিল। এ বার কোচের পরিকল্পনা আলাদা। লোবেরার পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়েছি। এই দলে আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন চ্যালেঞ্জ ভাল লাগছে। বেঙ্গালুরু ম্যাচে ৩ পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না।”

এ দিকে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে মোহনবাগানের কোচিং দলে বদল হল। আগের মরসুম থেকে বাগানের গোলকিপার কোচ ছিলেন ফ্রান্সিস্কো মার্তিনেজ় লিয়ন। বাগানের প্রাক্তন কোচ হোসে মোলিনা এখন হন্ডুরাসের জাতীয় দলের কোচ। সেখানেই যোগ দেবেন লিয়ন। তাই বাগানের গোলকিপার কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। সবুজ-মেরুনের নতুন গোলকিপার কোচ হবেন অভ্র মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement