আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
আইপিএলের আগেই তিনি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন। নির্বাসনের সম্ভাবনাও রয়েছে। তার মাঝেই আর্থিক ক্ষতি হল বেন ডাকেটের। ইংরেজ ক্রিকেটারকে জরিমানা করেছে সে দেশের পুলিশ। নিয়ম ভেঙে গাড়ি চালানোর দায়ে জরিমানা করা হয়েছে তাঁকে। তবে প্রায় সাত মাস আগের।
ডাকেটকে ৭০০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৮৭ হাজার টাকা জরিমানা করেছে স্ট্যাফোর্ডশায়ার পুলিশ। পাশাপাশি বিভিন্ন খরচ বাবদ ১৫ হাজার টাকা এবং আহতের চিকিৎসা বাবদ ৩৫ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে। আদালত দোষী সাব্যস্ত করেছিল ডাকেটকে। আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়ে জরিমানা দিতে রাজি হয়ে গিয়েছেন ডাকেট। তাঁর ড্রাইভিং লাইসেন্সের উপরে চারটি পেনাল্টি পয়েন্ট যোগ করা হয়েছে।
গত বছর অগস্টে বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যাঞ্চেস্টার অরিজিনালস ম্যাচের পর ঘটনাটি ঘটে। বার্মিংহামকে জেতানোর পর ডাকেট বাড়ি ফিরছিলেন। সে সময় ব্যস্ত রাস্তায় সীমার বেশি গতিতে গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। যে রাস্তায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেই রাস্তায় ডাকেট গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে। ডাকেটের গাড়ি চালানোর ছবিও পোস্ট করা হয়েছে।
গত কয়েকটি মাস ভাল যায়নি ডাকেটের। নিলামে তাঁকে ২ কোটি টাকায় কিনেছিল দিল্লি। কিন্তু আচমকা নাম তুলে নেওয়ায় অন্তত দু’বছর নির্বাসিত করা হবে তাঁকে। ডাকেট জানিয়েছিলেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের টেস্ট দলে এই মুহূর্তে তাঁর জায়গা নড়বড়ে। তাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে টেস্ট দলে জায়গা পোক্ত করার লক্ষ্যে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।