sudip gharami

২৯৯ রানে আউট বাংলার সুদীপ ঘরামি! তিন জনের নজির স্পর্শ করলেন, রয়েছেন ব্র্যাডম্যানও

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ২৯৯ রানে আউট হয়ে গিয়েছেন বাংলার সুদীপ ঘরামি। বাংলার ব্যাটার ছুঁয়ে ফেলেছেন ডন ব্র্যাডম্যানের কীর্তি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আরও একটি নজির গড়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮
Share:

সুদীপ ঘরামি। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২৯৯ রানে আউট হয়ে গিয়েছেন বাংলার সুদীপ ঘরামি। ত্রিশতরান থেকে এক রান দূরে থাকা অবস্থায় তিনি আউট হয়ে যান শেখ রশিদের বলে। বাংলার ব্যাটার ছুঁয়ে ফেলেছেন ডন ব্র্যাডম্যানের কীর্তি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আরও একটি নজির গড়েছেন তিনি।

Advertisement

বিশ্ব ক্রিকেটে ২৯৯ রানে থেমে যাওয়ার সংখ্যা খুব বেশি নয়। সুদীপের আগে মাত্র চার জন ক্রিকেটার ২৯৯ রানে থেমেছেন। প্রথম কীর্তি ব্র্যাডম্যানের। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে তিনি ২৯৯ রানে আউট হয়ে যান। এর পর ১৯৮৯ সালে নিউ জ়িল্যান্ডের মার্টিন ক্রো শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে ২৯৯ রানে আউট হন।

শেষ বার এমন ঘটেছিল ২০০৬ সালে। কাউন্টি ম্যাচে গ্ল্যামারগনের মাইক পাওয়েল ২৯৯ রানে আউট হয়ে যান গ্লস্টারশায়ারের বিরুদ্ধে। তার পর সোমবার সুদীপ সেই তালিকায় নতুন সংযোজন। এর মাঝে ১৯৮৯-এ মহারাষ্ট্রের শান্তনু সুগবেকর ২৯৯ রানে অপরাজিত ছিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। তিনি এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত থাকা ক্রিকেটার।

Advertisement

আজ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের কোনও ক্রিকেটার ২৯৯ রানে আউট হননি। সুদীপ সেই তালিকায় প্রথম। নিশ্চিত ত্রিশতরান অপেক্ষা করছিল তাঁর জন্য। কিন্তু এক রান আগেই থামতে হয়েছে। প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলা তুলেছে ৬২৯। সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে তারা। সুদীপের ৫৯৬ বলের ইনিংসে রয়েছে ৩১টি চার এবং ৬টি ছয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement