ICC T20 World Cup 2026

‘ভারতীয় কর্তার থেকে পাকিস্তান ট্রফি নিতে অস্বীকার করলে আইসিসি চুপ থাকত?’ বিশ্বকাপের বৈঠকে হঠাৎই এশিয়া কাপ বিতর্ক টানলেন নকভি

টি২০ বিশ্বকাপে পাকিস্তান বোর্ডের সঙ্গে বৈঠক করছেন আইসিসি-র কর্তারা। সেখানে এশিয়া কাপের ট্রফি-বিতর্ক টেনে আনলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬
Share:

মহসিন নকভির (বাঁ দিকে) পাশে এশিয়া কাপের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ খেলতে রাজি করানো নিয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে বৈঠক করছেন আইসিসি-র কর্তারা। রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। সেখানে এশিয়া কাপের বিতর্ক টেনে আনলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

আইসিসি-র তরফে ইমরান খোয়াজা বৈঠকে ছিলেন। আলোচনার মাঝেই তাঁকে উদ্দেশ্য করে নকভি একটি প্রশ্ন করেন। সংবাদ সংস্থা পিটিআইকে পাক বোর্ডের এক সূত্র বলেছেন, “খোয়াজার কাছে নকভি জানতে চান, কোনও ভারতীয় কর্তার হাত থেকে পাকিস্তান দল যদি এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করত, তখনও কি আইসিসি চুপ করে বসে থাকত?” খোয়াজা কী বলেছেন, তা অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, নকভি এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) চেয়ারম্যান। এশিয়া কাপ ফাইনালে তাঁরই ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল নকভির থেকে ট্রফি নিতে চায়নি। কিছু ক্ষণ অপেক্ষা করার পর নকভি ট্রফি নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। এক ঘণ্টা মাঠে থাকার পরেও ভারতের হাতে ট্রফি দেওয়া হয়নি। ভারত এখনও ট্রফি হাতে পায়নি।

Advertisement

এ দিকে, ‘এনডিটিভি’র খবর অনুযায়ী, বৈঠকে পাকিস্তান এবং বাংলাদেশের তরফে আরও একটি দাবি তোলা হয়েছে। ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় খেলতে চায় পাকিস্তান এবং বাংলাদেশ। আইসিসি জানিয়েছে, বিষয়টি বিসিসিআইয়ের অনুমতির উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজ় নিয়ে সিদ্ধান্ত আইসিসি নিতে পারে না।

পাশাপাশি, পাকিস্তানের হয়ে মুখ খুলে বাংলাদেশ দাবি করেছে, ভারতের সঙ্গে যে ‘হাইব্রিড মডেল’-এর চুক্তি রয়েছে, তা বাড়িয়ে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত করা হোক। এই মুহূর্তে চুক্তি রয়েছে ২০২৭ পর্যন্ত। ২০৩১ এক দিনের বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত এবং বাংলাদেশ। সেই বিশ্বকাপে পাকিস্তান সব ম্যাচ বাংলাদেশে খেলতে চায়। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনাই প্রবল। বল এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের কোর্টে। তাদের দাবি আইসিসি মেনে নিলে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সোমবারের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement