—প্রতিনিধিত্বমূলক ছবি।
জেলায় ২০২১-এর বিধানসভা ভোটের পরবর্তী হিংসা নিয়ে আপাতত আটটি অভিযোগ দায়ের হয়েছে। এমনই জেলা পুলিশ সূত্রে খবর। অভিযোগগুলি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, এত দিন অনেকে ভয়ে পুলিশের কাছে যেতে পারেননি। এখন ভয় ভেঙেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপির অভিযোগ, ২০২১-এর ফল ঘোষণার পরে তাদের দল করার ‘অপরাধে’ বাড়ি ভাঙচুর, মারধর এমনকি ঘরছাড়া হতে হয়েছিল বহুজনকে। অভিযোগের তির ছিল তৃণমূল নেতা, কর্মীদের উপরে। বহু বিজেপি কর্মীকে জেলা কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বিজেপি নেতাদের অভিযোগ, সে সময়ে আতঙ্কে বিজেপির কর্মীদের একাংশ পুলিশে অভিযোগ করতে পারেননি। বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশের কাছে যাওয়া সত্ত্বেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ২৬-এ রাজ্যে পালা বদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। তার পরেই ধীরে ধীরে অনেক অভিযোগ করছেন বলে দাবি বিজেপির।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০২১-এর ভোট পরবর্তী হিংসার বেশ কয়েকটি ঘটনার তদন্ত করেছে সিবিআই। বিশেষ করে খুন, মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই। এর মধ্যে ময়ূরেশ্বরে কোট গ্রামে বিজেপির বুথ সভাপতি জাকির হোসেনের খুন ও নলহাটিতে বিজেপি সমর্থক মনোজ শর্মার খুনের ঘটনাও আছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত একুশের ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে আটটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বোলপুর, মহম্মদবাজার, সাঁইথিয়া-সহ জেলার একাধিক থানায় অভিযোগগুলি দায়ের হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, "সে সময়ে অনেকে ভয়ে অভিযোগ করতে পারেননি। পুলিশ প্রশাসনের একাংশও অভিযোগ নিতে চায়নি। তাই সে সময় যাঁরা বিচার পাননি, বিজেপির সরকার আসতেই তাঁরা বিচারের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।" যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "এত দিন পরে কেন অভিযোগ হচ্ছে সেটাই অবাক করছে আমাদের। সে সময়ে অনেক অভিযোগ হয়েছিল। ই-মেলে অভিযোগ করার বা আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ ছিল। তা সত্ত্বেও এত দিন পরে কেন এই সব অভিযোগ করা হচ্ছে সেটাই অবাক করাচ্ছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে