ট্রফির সঙ্গে পাকিস্তান সুপার লিগের অধিনায়কেরা। —ফাইল চিত্র।
আবার বিতর্কে পাকিস্তান সুপার লিগ। আবার বদলে গেল বলের রং। খেলা শুরু হয়েছিল সাদা বলে। কিছু ক্ষণের মধ্যেই তা হয়ে গেল লাল। এই ঘটনায় আবার মুখ পুড়ল পাকিস্তানের লিগের।
পাকিস্তান সুপার লিগে লাহৌর কলন্দর্স বনাম করাচি কিংসের খেলা ছিল। প্রথমে বল করছিল করাচি। কয়েক ওভার খেলা হওয়ার পরেই দেখা যায়, বলের রং লালচে হয়ে গিয়েছে। বাধ্য হয়ে আম্পায়ারের কাছে বল বদলের আবেদন করেন করাচির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বল বদলের পরেও সমস্যা মেটেনি। পরের বলটির রংও লাল হয়ে যায়। করাচির ক্রিকেটারদের পরনে ছিল লাল জার্সি। সেই জার্সিতে বল ঘষার সময় রং লেগেছে বলে। এই ঘটনার পর পাকিস্তান সুপার লিগে জার্সির মান নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। কী ভাবে জার্সি থেকে এ ভাবে রং বেরাচ্ছে, সেই প্রশ্নই তুলেছেন সকলে। পাকিস্তান সুপার লিগের সমালোচনাও শুরু হয়েছে।
তবে এটাই প্রথম নয়, গত মাসে লাহোরের বিরুদ্ধে খেলা ছিল হায়দরাবাদ কিংসমেনের। সেই ম্যাচেও জার্সি থেকে রং বেরিয়েছিল। বলের রং গোলাপি হয়ে গিয়েছিল। হায়দরাবাদের অধিনায়ক মার্নাশ লাবুশেন বলেন, “দ্বিতীয় ওভারের পরেই বলের রং বদলে গিয়েছিল। আমি আম্পায়ারদের বলেছিলাম, এগুলো কী হচ্ছে। নিশ্চয় জার্সি থেকে রং বার হচ্ছে। এই ঘটনা আগে কোনও দিন দেখিনি।”
বলের রং নিয়ে বিতর্ক হলেও লাহৌরকে হারাতে সমস্যা হয়নি করাচির। আবদুল্লা শফিকের ৬২ ও ফখর জ়মানের ৬১ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লাহৌর। জবাবে অধিনায়ক ওয়ার্নারের অপরাজিত ৬৩ ও খুশদিল শাহের ১৪ বলে ৪৪ রানে ভর করে ম্যাচ জেতে করাচি।