IPL 2026

ধোনির চেন্নাইয়ে এসে ১৪ কোটির বাঁহাতি স্পিনার প্রশান্ত এখন তামিল শিখছেন! আইপিএলের আগে চলছে বোনের কাছে পড়াশোনা

প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লাখ টাকায় কেনে চেন্নাই। উত্তরপ্রদেশের অমেঠীর বাসিন্দা বাঁহাতি স্পিনার। ব্যাটও করেন বাঁ হাতে। আইপিএলের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পড়াশোনায় মন দিয়েছেন প্রশান্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৩১
Share:

প্রশান্ত বীর। —ফাইল চিত্র।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সব দলের ক্রিকেটারেরাই অনুশীলন শুরু করে দিয়েছেন। ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি পড়াশোনায় মন দিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রশান্ত বীর।

Advertisement

আইপিএলের নিলামের সময়ই আলোচনায় উঠে এসেছিলেন প্রশান্ত। এখনও জাতীয় দলের সুযোগ না পাওয়া প্রশান্তের ন্যূনতম মূল্য ছিল ৩০ লাখ টাকা। তাঁকে সিএসকে কর্তৃপক্ষ কেনেন ১৪ কোটি ২০ লাখ টাকায়। উত্তরপ্রদেশের অমেঠীর প্রশান্ত বাঁহাতি স্পিনার। ব্যাটও করেন বাঁ হাতে। সুযোগ পেলে চেন্নাইয়ের হয়ে আইপিএলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। সেই লক্ষ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন অনুশীলনে। পাশাপাশি পড়াশোনাতেও মন দিয়েছেন প্রশান্ত।

চেন্নাইয়ের সমর্থকদের সিংহভাগই তামিলভাষী। দক্ষিণ ভারতের এই ভাষা প্রশান্তের অজানা। বলতে, পড়তে, লিখতে, বুঝতে কিছুই পারেন না। আবার সিএসকের সব সমর্থকের সঙ্গে হিন্দিতে কথা বলতে পারবেন, এমন নিশ্চয়তাও নেই। সমস্যা হতে পারে চেন্নাইয়ের মাঠ কর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও। তাই তামিল শিখছেন প্রশান্ত। অন্তত কাজ চালানোর মতো তামিল শেখার চেষ্টা করছেন তিনি।

Advertisement

সমাজমাধ্যমে সিএসকে কর্তৃপক্ষ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে প্রশান্তকে তাঁর বোনের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা গিয়েছে। বোনের কাছেই তামিল শিখছেন। বিভিন্ন শব্দ বলার চেষ্টা করছেন। ছোট ছোট বাক্য গঠনের চেষ্টা করছেন। প্রশান্তের তামিল শেখার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে ৩৭.৩৩ গড়ে ১১২ রান করেন প্রশান্ত। স্ট্রাইক রেট ছিল ১৬৯.৬৯। বল হাতে ১৮.৭৭ গড়ে নেন ৯টি উইকেট। ওভার প্রতি খরচ করেন ৬.৭৬ রান। তাঁকে রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসাবে গড়ে তুলতে চান চেন্নাই কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement