IPL 2026

পদপিষ্ট কাণ্ডের পর আবার বিতর্কে বেঙ্গালুরুর স্টেডিয়াম, দুই কর্মী কেটে দিলেন সিসিটিভির তার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ফাইনাল নিয়ে সংশয়

গত বছর আরসিবি-র ট্রফি উচ্ছ্বাসের সময় ১১ সমর্থকের মৃত্যুর ঘটনা এখনও তাজা। তার মধ্যেই আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:০৫
Share:

বেঙ্গালুরুর মাঠে খেলছেন বিরাট কোহলি। ছবি: পিটিআই।

গত বছর আরসিবি-র ট্রফি উচ্ছ্বাসের সময় ১১ সমর্থকের মৃত্যুর ঘটনা এখনও তাজা। তার মধ্যেই আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। অবৈধ দুই কর্মী স্টেডিয়ামের সিসিটিভির তার কেটে দিলেন। বিষয়টি সামাল দেওয়া গেলেও কী ভাবে তাঁরা সুরক্ষিত জায়গায় ঢুকে কাজটি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেঙ্গালুরুতে প্লে-অফের ম্যাচ দেওয়া হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বনাম গুজরাত ম্যাচের দিন। পুলিশের দাবি, স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরা নজরদারির দায়িত্বে যে সংস্থা, তাদের দুই কর্মী মঞ্জুনাথ এবং আব্দুল কালাম অবৈধ ভাবে স্টেডিয়ামের সিসিটিভি সার্ভার ঘরে ঢুকে পড়েন। তারা একটি নিষ্ক্রিয় কার্ড কাজে লাগিয়েছিলেন। বৈধ পাস কারও কাছেই ছিল না। তবু নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকতে অসুবিধা হয়নি।

ভেতরে গিয়ে তারা ফাইবার এবং আরও কিছু তার কেটে দেন। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ জায়গার সিসি ক্যামেরাগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তার মধ্যে প্রবেশের গেট, কনকোর্স এলাকা, ডি কর্পোরেট স্ট্যান্ড এবং স্টেডিয়ামজুড়ে বিভিন্ন জায়গায় লাগানো ক্যামেরা ছিল। ফলে সিসি ক্যামেরা দিয়ে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ জায়গার নজরদারি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের পেয়েই বিকল্প ব্যবস্থা নেয় পুলিশ। প্রযুক্তির সাহায্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সময়ের ফুটেজও পুনরুদ্ধার করা হয়। পরে কাবন পার্ক থানায় অভিযোগ জানানো হয়। তদন্ত চলছে। দুই কর্মীকেও হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কেন তাঁরা এ কাজ করেছিলেন। এর নেপথ্যে কোনও জঙ্গি এবং অপরাধমূলক সংগঠন জড়িয়ে রয়েছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

কিছু দিন আগেই স্টেডিয়ামের বাইরে টিকিটের কালোবাজারি হচ্ছিল। তা পুলিশ ধরে ফেলে। চন্দ্রশেখর নামে এক ক্যান্টিনকর্মীকে গ্রেফতার করা হয়। তাঁর থেকে ১০০টি টিকিট পাওয়া যায়, যা তিনি বহুগুণ দামে বিক্রি করছিলেন।

পর পর দু’টি ঘটনায় চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আরসিবি-র আর কোনও ম্যাচ নেই এই মাঠে। তারা বাকি দু’টি হোম ম্যাচ খেলবে রায়পুরে। তবে প্লে-অফ খেলতে চিন্নাস্বামীতে ফিরতে হতে পারে। ফাইনালও হতে পারে গত বারের চ্যাম্পিয়নদের ঘরের মাঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement