(বাঁ দিকে) আবরার আহমেদ এবং ড্যানিয়েল ভেট্টরি (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নিয়ে বিতর্কে জড়িয়েছেন কাব্য মারানেরা। ‘দ্য হান্ড্রেড’-এর একমাত্র ভারতীয় মালিকানাধীন দল হিসাবে পাক ক্রিকেটারকে নিয়েছে সানরাইজার্স লিডস। তাদের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ হলেও ব্যাখ্যা দিয়েছেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অভিযোগ একাধিক বিকল্প থাকতেও জাতীয় আবেগের বিরুদ্ধে গিয়ে পাক ক্রিকেটারকে দলে নিয়েছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। বিতর্ক, ক্ষোভ তৈরি হলেও তাঁদের সিদ্ধান্তে ভুল নেই বলেই দাবি ভেট্টরির। দলের প্রধান কোচ বলেছেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছিল আদিল রসিদকে দলে নেওয়া। ওকে না পাওয়ায় আমরা ঠিক করি, ভাল মানের এক জন বিদেশি স্পিনার নিতে হবে। চার-পাঁচ জনের নাম ছিল। তাদের মধ্যেই ছিল আবরার। ওর মতো স্পিনারকে পাওয়ায় আমরা খুশি।’’
ভেট্টরি জানিয়েছেন, নিলামের আগে দলের বৈঠকে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে আলাদা কোনও আলোচনা হয়নি। নিলামে পাক ক্রিকেটারদের কেনা যাবে না, এমন কোনও নির্দেশও দেওয়া হয়নি। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমরা দলের প্রতিটি জায়গা নিয়ে পরিকল্পনা করেছিলাম। নিলামে যে ক্রিকেটারদের নাম ছিল, সকলকে নিয়ে আলোচনা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া যাবে না, এমন কোনও নির্দেশ ছিল না। আমরা খুব সাধারণ এবং ক্রিকেটীয় ভাবে পরিকল্পনা করেছি। যে বিভাগে সবচেয়ে ভাল যাকে নেওয়ার সুযোগ থাকবে, তার জন্যই ঝাঁপাতে হবে।’’
উসমান তারিক, রিশাদ হোসেনের মতো স্পিনারেরাও তাঁদের নজরে ছিলেন বলে জানিয়েছেন ভেট্টরি। তা হলে কেন আবরারের জন্যই ঝাঁপালেন? ভেট্টির ব্যাখ্যা, ‘‘ওর বলে একটা রহস্য আছে। আমাদের মনে হয়েছে, ওর বলের সঙ্গে ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারই অপরিচিত। ওর বল খেলার অভিজ্ঞতা নেই প্রায় কারও। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবরার খেলেছিল। অস্ট্রেলিয়ার ব্যাটার সঙ্গে কথা বলেছিলাম। ওরাও বলেছিল, আবরারের বল খেলা কঠিন। বলের বৈচিত্র ভাল। পাওয়ার প্লে এবং মাঝের ওভারে বল করতে পারে।’’
ভেট্টরি জানিয়েছেন, হেডিংলে ক্রিকেট মাঠের কথা ভেবেই আবরারকে দলে নিয়েছেন তাঁরা। তিনি বলেছেন, ‘‘হেডিংলেতে স্পিনারেরা সাহায্য পায়। আবরারের মতো স্পিনার ওই মাঠে আমাদের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে।’’
বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে আবরারকে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকায় কিনেছে সানরাইজার্স লিডস। দলে পাওয়ার পর সমাজমাধ্যমে আবরারের জার্সি পরা ছবিও পোস্ট করা হয়। তার পরই শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, সানরাইজার্স লিডসের ১০০ শতাংশ মালিকানাই রয়েছে কলানিধি মারানের সান গোষ্ঠীর হাতে।