ফাইনালের পর বান্ধবী মাহিকাকে (ডান দিকে) নিয়ে উচ্ছ্বাসের মুহূর্তে হার্দিক। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিন জাতীয় পতাকা গায়ে জড়িয়ে উল্লাসে শামিল হয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তাতেই তিনি ভারতের জাতীয় পতাকার অসম্মান করেছেন বলে দাবি তুলে থানায় অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। হার্দিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন তিনি।
ওই আইনজীবীর নাম ওয়াজিদ খান। পুনের শিবাজি নগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিশ্বকাপ জেতার পর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে উচ্ছ্বাসে মাতেন হার্দিক। সেই কাজ করতে গিয়েই জাতীয় পতাকাকে অসম্মান করেছেন।
সংবাদ সংস্থা ‘এএনআই’কে ওয়াজিদ বলেছেন, “আপনারা নিশ্চয়ই বিশ্বকাপের ফাইনাল দেখেছেন। জয়ের আনন্দে হার্দিক বান্ধবীকে জড়িয়ে ধরে নাচছিল। সেই সময়ে জাতীয় পতাকা ওর পিঠে বাঁধা ছিল। ১৯৭১ জাতীয় পতাকা আইনের দ্বিতীয় ধারা অনুযায়ী, জাতীয় পতাকার গরিমাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। হার্দিক জয়ের আনন্দে এতটাই বিভোর ছিল যে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাটিতে শুয়ে পড়েছিল। আমার মতে জাতীয় পতাকার অপমান করা হয়েছে।”
তিনি আরও বলেছেন, “শিবাজি নগর থানায় অভিযোগ জানিয়েছি। সেই সময় পুলিশের তরফে বলা হয় ঘটনাটি অহমদাবাদে হয়েছে, পুণেতে নয়। আমি ওদের বলেছি জাতীয় পতাকা গোটা দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানায় অভিযোগ জানানোই যায়। তখন ওরা আমার অভিযোগ নিয়েছে এবং একটা প্রতিলিপিও দিয়েছে। দেখা যাক এর পর কী হয়।”